আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী নির্ধারণ আর কৌশল ঠিক করতে প্রতিটি আসনে ৫ স্তরের জরিপ চালিয়ে একক প্রার্থী বাছাইয়ের কাজও প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। ভোটের সমীকরণে জোটের নেতারা বেশি আসন চাইলেও ৪০ থেকে ৫০টি আসন ছাড়বে দলটি। এ ছাড়া চলতি মাসেই দলের ২০০ প্রার্থীকে সবুজ সংকেত দেবে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, যুগপৎ আন্দোলনে যারা আমাদের শরিক ছিল, তাদের জন্য ৪০ থেকে ৫০টি আসন রেখে বাকিগুলো আমাদের বিএনপির প্রার্থীদের জন্য সবুজ সংকেত দেয়া হবে।
তিনি বলেন, অতি অল্প সময়ের মধ্যে অন্তত ২০০ আসনে প্রার্থীদের ব্যক্তিগতভাবে জানানো হবে। পরবর্তী সিডিউল ঘোষণার পর অফিসিয়ালি জানানো হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমাদের যুগপৎ আন্দোলনে যারা আমাদের সঙ্গী ছিলো তাদের কাছ থেকে আমরা তালিকা নিচ্ছি। আমরা দেখছি কোথায় কোন যায়গায় দিলে প্রার্থীদের সমস্যা হবে বা জয়লাভ করে আসবে। সেই বিষয়গুলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের কাছ থেকে জেনে নিচ্ছেন।
তিনি বলেন, ১৮ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে কেউ দল ছেড়ে যায়নি। তাদের মধ্য থেকে যারা যোগ্য তাদেরকে নমিনেশন দিতে হবে।
বিএনপি নেতারা মনে করছেন, যে যাই বলুক সরকারের ঘোষিত সময়েই নির্বাচন হবে, এতে করে গণতন্ত্রের নতুন যাত্রাপথের দ্বার উন্মোচন হবে।