বিশেষ প্রতিবেদকঃ পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও মেসেঞ্জারদের চাকরি থেকে ছাঁটাই না করার পাশাপাশি চাকরি নিয়মিত করার অনুরোধ জানিয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।
গতকাল দুপুরে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চাকরিচ্যুত মিটার রিডার কর্মী মো: ইয়াসিন ও মুনসুরের পক্ষে এ নোটিশটি পাঠানো হয়। তাদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ফারুক হোসেন নোটিশ পাঠান।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবকে আগামী সাত দিনের মধ্যে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না পেলে পরবর্তী আইনি সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান এই আইনজীবী।
পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও মেসেঞ্জার পদে কর্মরত প্রায় ২২ হাজার কর্মী কাজ করছেন। ইতোমধ্যে প্রায় দুই হাজার কর্মীকে ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি। ছাঁটায়ের খবরটি জানিয়েছেন লিগ্যাল নোটিশদাতা মো: ইয়াসিন হোসেন। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এ সিদ্ধান্ত স্থগিত করতে চাকরিচ্যুত কর্মীরা বোর্ডেও চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট জায়গায় স্মারকলিপি পাঠিয়েছেন। যে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন আকারে প্রকাশ করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে আইনজীবী ফারুক হোসেন সাংবাদিকদের বলেন, এ ২২ হাজার লোক চাকরি থেকে ছাঁটাই করা হলে তাদের পরিবার-পরিজন পথে বসে যাবে। তাদের ছেলেমেয়েদের লেখাপড়া বন্ধ হয় যাবে। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ঘরে ঘরে বিদ্যুৎ দেয়ার ঘোষণা দিয়েছেন। এ জন্য দক্ষ কর্মীদের কাজের সুযোগ দেয়ার পাশাপাশি বিদ্যুৎ খাতের উন্নয়নে আরো জনবল নিয়োগ দেয়া প্রয়োজন।