পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ে জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু ও জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্রদলের সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রদল।
সোমবার (১ মার্চ) বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের মাসুমের নেতৃত্বে পঞ্চগড় জজ কোর্ট সংলগ্ন মহাসড়ক থেকে শুরু করে ন্যাশনাল ব্যাংক এলাকা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় তারা বিভিন্ন স্লোগানে কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যু ও ছাত্রদলের সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদ জানান।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, সহ-সভাপতি মাহফুজার রহমান, যুগ্ম সম্পাদক খন্দকার আবু সালেক ডাবলু, রাকিব হাসান রুমন, সহ-সাধারণ সম্পাদক রাকিবুর রহমান, কলেজ সভাপতি হাবিবুর রহমান এসময় উপস্থিত ছিলেন।



