পঞ্চগড়ের বোদায় যৌতুকের দাবীতে মরিয়ম বেগম (২৫) নামে এক গৃহবধূকে ইফতারে বিষ মিশিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামি আনিছুর রহমান (৩৫) বিরুদ্ধে। স্বামি আনিছুর রহমানকে গ্রেফতার করেছে বোদা থানা পুলিশ।
এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা কিনার উদ্দিন বাদী হয়ে শুক্রবার (২২ এপ্রিল) আনিছুর রহমানকে প্রধান আসামী করে ৬ জনের নামে থানায় মামলা দায়ের করেছে।
মামলা দায়েরের পর পুলিশ অভিযান পরিচালনা করে অভিযুক্ত আনিছুরকে
শুক্রবার (২২ এপ্রিল) দিনগত রাতে বোদা উপজেলার তেপুকুরিয়া গ্রামে তার বাড়ি থেকে গ্রেফতার করে। আসামি আনিছুর তেপুকুরিয়া গ্রামের মছির উদ্দীনের ছেলে। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী শনিবার দুপুরে মামলা ও আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০১৯ সালের ৫ মার্চ ইসলামী শরীয়াত মোতাবেক আনিছুর রহমানের সঙ্গে পারিবারিক ভাবে বিয়ে হয় তেপুকুরিয়া হাজীপাড়া গ্রামের কিনার উদ্দীনের মেয়ে মরিয়মের সঙ্গে। আনিছুর পেশায় দর্জি হওয়ায় মেয়ের সুখের সংসারের জন্য আনিছুরকে ব্যবসার জন্য শ্বশুর এক লাখ টাকা দেন।
বিয়ের ৬ মাস পর থেকে আনিছুরের সহযোগী শ্বশুর বাড়ির লোকসহ অপর আসামি মছির উদ্দীন (৬৫), লাইলী আক্তার (৩০), আনারুল ইসলাম, আশরাফুল ইসলাম (৩০), আব্দুল লতিফ (৬০) আনিছুরকে হুকুম ও কুপরামর্শ দিয়ে যৌতুকের জন্য আরো এক লাখ টাকা দাবি করান। এর মধ্যে বিভিন্ন ভাবে মরিয়মকে যৌতুকের জন্য নির্যাতন করা হত। মরিয়ম টাকা দিতে অস্বীকার করেন। গত বুধবার (২০ এপ্রিল) মরিয়মকে রোজা অবস্থায় কৌশলে ইফতারের জন্য দোকানে নিয়ে যায় আনিছুর। অপর আসামিদের পরামর্শে মরিয়মের ইফতারে বিষ প্রয়োগ করে। এক পর্যায়ে দোকানে মরিয়ম ইফতার করার কিছু সময় পর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজনের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মরিয়মের মুখ থেকে ফেনা বের হতে থাকে। পরে খবর পেয়ে বাবা কিনার উদ্দীন হাসপাতালে ছুটে গেলে মেয়ে বাবাকে সব খুলে বলে। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থান গত বৃহস্পতিবার (২১ এপ্রিল) দিনগত রাত দেড়টায় মৃত্যুবরণ করে মরিয়ম।
ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, শুক্রবার (২২ এপ্রিল) মরিয়মের বাবা বাদী হয়ে আনিছুরকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ০৩) এর ১১(ক)/৩০ মামলা দায়ের করেছে। আমরা অভিযান পরিচালনা করে প্রধান আসামি আনিছুরকে গ্রেফতার করেছি। বাকী আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।