আমরা পক্ষপাতদুষ্ট নির্বাচন করিনি, করবও না: সিইসি

নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট আয়োজনে সচেষ্ট। আমরা পক্ষপাতদুষ্ট নির্বাচন করিনি, করবও না। কমিশনের ওপর রাজনৈতিক দলগুলোর আস্থা-অনাস্থা তাদের মানসিকতার ওপর নির্ভর করে। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ইভিএমসহ (ইলেকট্রনিক ভোটিং মেশিন) নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, এ দেশে নির্বাচন কমিশনের প্রতি কখনও কোনও রাজনৈতিক দলের আস্থা ছিল এমন নজির নেই। সুতরাং যারা ক্ষমতায় আছেন তাদের বক্তব্য একরকম হবে। আবার যারা বিরোধী দলে তাদের বক্তব্য আরেক রকম হবে। এটিই দেশের পকিটিক্যাল কালচার হয়ে দাঁড়িয়েছে।

নূরুল হুদা আরও বলেন, সিটি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পর্যাপ্ত মাঠে আছে, নিরাপত্তার দিক থেকে কোনও অসুবিধা হবে না। ভোটাররা নিরাপত্তাহীনতায় ভুগছেন, এই কথা আমি বিশ্বাস করি না।

তিনি বলেন, প্রিসাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট সবাইকে ইভিএম বিষয়ে পর্যাপ্ত প্রশিক্ষণ দেয়া হয়েছে। তারা যে কোনও সাহায্য-সহযোগিতা করবেন। ভোটাররা তাদের ইচ্ছামতো ইভিএমে ভোট দিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন এই আহ্বান জানাই আমি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।