নদী খননে আত্রাইবাসীর আর্থ-সামাজিক উন্নয়নের দ্বার উন্মোচিত হতে চলেছে -ইসরাফিল আলম এমপি

বিশেষ প্রতিবেদকঃ আত্রাই নদী একটি ঐতিহ্যবাহী নদী হওয়ার পরও যুগ যুগ থেকে এ নদী খনন না করায় মরা নদীতে পরিণত হয়েছে। বর্ষা মৌসুমে পানি থাকলেও শুষ্ক মৌসুম শুরুর আগেই নদীর পানি শুকিয়ে যায়। ফলে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এই নদী খননের মধ্যদিয়ে এলাকাবাসীর আর্থ সামাজিক উন্নয়নের দ্বার উন্মোচিত হতে চলেছে। বললেন আত্রাই রাণীনগরের সাংসদ জননেতা ইসরাফিল আলম।

আজ  ৪ঠা মার্চ রবিবার সকালে কৃষক বান্ধব অত্র এলাকার প্রাণপ্রিয় নেতার “বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার “অর্জন করায় নওগাস্থ সাংসদের বাসভবনে প্রাণিসম্পদ বিভাগের জেলা-উপজেলা কর্মকর্তারা অভিনন্দন জানাতে আসলে তিনি এসব কথা বলেন।

কৃষক বান্ধব সাংসদ ইসরাফিল আলম বলেন, এক সময় আত্রাই নদী খরস্রোতা ছিল। নদীতে উত্তাল ঢেউ আর পালতোলা নৌকা বয়ে চলতো। একমাত্র নৌপথই ছিল মালামাল পরিবহনের ও ব্যবসা বাণিজ্যের পথ। নদীপথে মালামাল পরিবহন করে আর্থিকভাবে সাশ্রয়ী হতো এলাকার শত শত ব্যবসায়ীরা। সারা বছর নদীতে থাকতো পানি। আর এ পানি সেচ কাজে ব্যবহার করে উপজেলার বিভিন্ন মাঠে চাষ করা হতো বোরো ধানসহ সব রকমের ফসল। এ ছাড়াও সারা বছর মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতো বিপুল সংখ্যক মৎস্যজীবী।

কালের আবর্তে নদী হারিয়ে ফেলে তার নাব্যতা। সারা বছর তো দুরের কথা বছরে ৬ মাসও নদীতে ঠিকমত পানি পাওয়া যায় না। ফলে স্বল্প খরচে নদীর পানি দিয়ে কৃষকরা আর চাষাবাদ করতে পারে না। পারে না মৎস্য জীবীরাও মাছ শিকার করতে। একদিকে আর্থিক লোকসানের শিকার হয় এলাকার হাজার হাজার কৃষক।

জননেতা বলেন, অপরদিকে বছরের প্রায় ৬ মাস মানবেতর জীবন যাপন করতে হয় মৎস্যজীবীদের। ফলে থেমে যায় এলাকার আর্থ সামাজিক উন্নয়নের চাকা। এ উন্নয়ন তরান্বিত করতে এবং নদীকে আবারও তার আগের অবস্থানে ফিরিয়ে আনতে বর্তমান সরকার বিভিন্ন নদী খননের উদ্যোগ গ্রহন করে। এরই ধারাবাহিকতায় স্থানীয় সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের প্রচেষ্টায় আত্রাই নদীর ৪৬ কিলোমিটার জুড়ে ১৬২ কোটি টাকা ব্যয়ে নদী খনন প্রকল্প গ্রহন করা হয়। সে অনুযাায়ী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) শুরু করে আত্রাই নদী খননের কার্যক্রম।

সংশ্লিস্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বিআইডব্লিউটিএ’র তত্বাবধানে চলছে ঐতিহ্যবাহি আত্রাই নদী খনন। এ নদী খনন শেষ হলে সারা বছর নদীতে থাকবে পানি। এ পানি দিয়ে কৃষকরা স্বল্প খরচে তাদের কৃষিপণ্য উৎপাদন করতে পারবেন। এ ছাড়াও মৎস্যজীবীদের ভাগ্যের উন্নয়ন ঘটবে।

উপজেলার ভবানীপুর গ্রামের মো: ওয়াজেদ আলী লিটন বলেন, আগে আমরা নদীর পানি দিয়ে বোরো ধানসহ সব রকমের কৃষিপণ্য চাষ করতাম। এতে খরচ খুবই কম হতো। কিন্তু বেশ কয়েক বছর থেকে বোরোচাষ মৌসুমের আগেই নদীর পানি শুকিয়ে যাওয়ায় কয়েকগুণ বেশি খরচে মাঠে শ্যালো মেশিন বসিয়ে বোরোসহ বিভিন্ন প্রকারের ফসলের চাষ করতে হচ্ছে। এতে আমরা অনেক লোকসানের শিকার হচ্ছি। নদী খনন আমাদের জন্য একটি আশির্বাদ বলে আমরা মনে করছি।

এ ব্যাপারে নাগরিক উদ্যোগের শাহাগোলা ইউনিয়নের দলিত মানবাধিকার কর্মী শ্রী দিনেশ কুমার পাল বলেন, আত্রাই নদী আমাদের একটি ঐতিহ্যবাহি নদী। এ নদী খননের ফলে শুধু কৃষি ক্ষেত্রেই নয় মৎস ক্ষেত্রেও অতুলনীয় ভুমিকা রাখবে। জেলে সম্প্রদায়ের লোকজনদেরও অনেক উপকার হবে। নদী খননের ফলে নদীর গভীরতা বাড়বে এবং কৃষিজমি ও বন্যার পানিতে লোকালয় ডুবে যাওয়ার শঙ্কা কমে আসবে।পাশাপাশি নৌপথে পণ্য পরিবহন, মাছ চাষ ও সেচ সুবিধা বাড়বে।

আত্রাই নদী খনন

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।