কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে বাবার সঙ্গে প্রতারণার দায়ে আবদুল ছত্তার (৪৮) নামের এক প্রতারক ছেলেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবদুল ছত্তার উপজেলার গোপালপুর এলাকার ধজী গ্রামের আজাহার মাতুব্বরের ছেলে।
পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, আবদুল ছত্তার গত ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রতারণার আশ্রয় নিয়ে অন্য এক ব্যক্তিকে ভুয়া বাবা সাজিয়ে ১ একর ৫৫ শতাংশ জমি তার নিজ নামে দলিল কার্যক্রম সম্পন্ন করেন।
এ বিষয়টি এলাকায় ফাঁস হয়ে গেলে প্রতারক ছেলে ছত্তারের বিরুদ্ধে তার বাবা মো. আজাহার মাতুব্বর বাদী হয়ে মাদারীপুর কোর্টে একটি প্রতারণা মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলে কালকিনি থানার পরিদর্শক (তদন্ত) মো. হারুন অর রশিদ তাকে গ্রেফতার করেন।
বাবা আজাহার মাতুব্বর বলেন, আমার ছেলে আমাকে না জানিয়ে অন্যকে বাবা সাজিয়ে জমি দলিল করে। পরে আমি বিষয়টি জানতে পেরে কোর্টে একটি প্রতারণা মামলা দায়ের করি। আমি আমার জমি ফেরত চাই।
এ ব্যাপারে কালকিনি থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ বলেন, ছত্তারের বিরুদ্ধে তার বাবা আজাহার মাতুব্বর কোর্টে মামলা দায়ের করলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে তাকে গ্রেফতার করা হয়।
এ ক্যটাগরির আরো খবর..