দেশজুড়ে নিরাপত্তা, শতভাগ সিসিটিভি নজরদারি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির মধ্য দিয়ে প্রথম দিনে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এ বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা।
আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রথম দিনের এই পরীক্ষা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।
প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র (আবশ্যিক), মাদ্রাসা বোর্ডে কুরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে বাংলা-২ বিষয়ের পরীক্ষা হয়।
কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁসের গুজব এবং অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বোর্ডগুলো।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
তথ্য অনুযায়ী, এবারও মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ, ছাত্রদের চেয়ে ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন।
এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে সম্পূর্ণ অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। আগে আলাদা প্রশ্নে বোর্ডভিত্তিক এইচএসসি পরীক্ষা নেওয়া হতো।
ঢাকা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এসএম কামাল উদ্দিন হায়দার বলেন, ৯টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত এ পরীক্ষা প্রথম দিনেই সফলভাবে সম্পন্ন হয়েছে। একই সাথে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরীক্ষাসংক্রান্ত এক পরিসংখ্যানে বলা হয়েছে, ৯টি সাধারণ বোর্ডে ১ হাজার ৬২০টি কেন্দ্রে মোট ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন পরীক্ষায় অংশ নিয়েছেন।
অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন, যা মোট পরীক্ষার্থীর মাত্র ২ শতাংশ। এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে ৪৬০টি কেন্দ্রে ৮০ হাজার ৬৫৩ জন এবং কারিগরি বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে ৮০ হাজার ৬০৩ জন পরীক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অংশ নিয়েছেন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, সব বোর্ড মিলিয়ে প্রথম দিনে সার্বিক পরীক্ষার পরিবেশ ছিল সন্তোষজনক। তবে অসদুপায় অবলম্বনের দায়ে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে দায়িত্ব অবহেলার কারণে এদিন কোনো পরিদর্শক বহিষ্কার হয়নি।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষা নকলমুক্ত ও স্বচ্ছ রাখতে এবার মন্ত্রণালয়ে একটি কেন্দ্রীয় ‘সিসিটিভি ক্যামেরা মনিটরিং সেল’ খোলা হয়েছে, যার মাধ্যমে ঢাকার কন্ট্রোল রুম থেকে দেশের যেকোনো প্রান্তের কেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হয়েছে।
এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কাছে ‘বডি ওর্ন ক্যামেরা’র (শরীরে পরিহিত) বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। কেন্দ্রগুলোতে অনাকাক্সিক্ষত যানজট এড়াতে পরীক্ষার্থীদের সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ নিশ্চিত করা হয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশ্নপত্র সুরক্ষায় সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রশ্ন ছড়ানো বা ফাঁসের চেষ্টা রুখতে সাইবার টিম সার্বক্ষণিক কাজ করছে।
মোট ৭৭টি বিষয়ে ২১ দিনব্যাপী এই লিখিত পরীক্ষা আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে, ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে। পরীক্ষা না থাকার দিনগুলোতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত শ্রেণি কার্যক্রম চালু থাকবে।


