অর্থনৈতিক প্রতিবেদক: দাম কমছে শীতের সবজির। রাজধানীর কাঁচা বাজারে সরবরাহ বাড়ছে শীতকালীন সবজির। হরেক রকমের শাক-সবজি সাজিয়ে বসছে বিক্রেতারা। দাম কম থাকায় কিনে খুশি ক্রেতারাও।
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে রাজধানীর কয়েকটি কাঁচা বাজার ঘুরে এ দৃশ্য দেখা গেছে। মালিবাগ এবং কমলাপুর বাজার ঘুরে দেখা গেছে, কিছু সবজি ২০ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে।
কমলাপুর বাজারে সবজি বিক্রেতা জালাল আহমেদ জানান, শীতের সবজির সরবরাহ বেড়েছে। আগামী কয়েক সপ্তাহে দাম আরো কমে যাবে।
তিনি জানান, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রতিদিনই শতাধিক সবজির ট্রাক কারওয়ান বাজারে ঢুকছে। এর প্রভাব পড়ছে রাজধানীর খুচরা বাজারে।
গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ৮ থেকে ১০ টাকা কমেছে বলে জানান সবজি ব্যবসায়ী রতন মিয়া।
তিনি বলেন, চাল কুমড়া, মুলা, বাঁধাকপি, চিচিংগা, শসা, মিষ্টি কুমড়া, পেঁপে ও পটল ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কিছু সবজির দাম ৩০ টাকার বেশি রয়েছে। তার সংখ্যা খুব বেশি নয়।
বাজার ঘুরে দেখা গেছে, ২০ থেকে ৩০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে ফুলকপি। বরবটি পাওয়া যাচ্ছে ৩০ টাকায়, করলা ৩০ টাকা ও বেগুন ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
শাকও বিক্রি হচ্ছে নাগালের মধ্যে। প্রতি আঁটি মুলা শাক মিলছে ১০ টাকা ও লাল শাক ১৫ টাকায়।
তবে টমেটো ও কাঁচামরিচের দাম খুব একটা কমেনি। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা দরে। গত সপ্তাহে টমেটো বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকা দরে। প্রতিকেজি কাঁচামরিচ ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।
অপরিবর্তিত রয়েছে পেঁয়াজের দাম। ভারতীয় পেঁয়াজ ৫০ টাকা, দেশি পেঁয়াজ ৬০ টাকায় বিক্রি হলেও বড় আকৃতির চায়না পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়।
প্রতিকেজি রুই মাছ মিলছে ১৪০ থেকে ১৮০ টাকার মধ্যে। ছোট আকারের ইলিশ হালি মিলছে ৫০০ থেকে ৮০০ টাকায়। তেলাপিয়া বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে।
ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে কেজি ১৪৫ টাকায়। অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। প্রতিকেজি মাংস বিক্রি হচ্ছে ৩৮০ টাকায়।