দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর ডিগ্রির বিল পাস করায় প্রধানমন্ত্রীকে আল্লামা শফীর ধন্যবাদ

কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি বিল জাতীয় সংসদে পাস করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন হেফাজতের আমির এবং কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিবৃতিতে প্রধানমন্ত্রীর পাশাপাশি জাতীয় সংসদের স্পিকার, শিক্ষামন্ত্রী, সংসদ সদস্য ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান শফী।

বিবৃতিতে তিনি আরও বলেন, কওমি শিক্ষা ব্যবস্থার স্বীকৃতি দেশের লাখো আলেম-ছাত্রসমাজের প্রাণের দাবি ছিল। দীর্ঘদিন যাবৎ আমরা এ জন্য চেষ্টা করে আসছি। জাতীয় সংসদে সর্বসম্মতিতে বিলটি পাস হওয়ায় আমাদের দাবি পূর্ণতা পেল। আগামী প্রজন্মের পথচলা আরও সুগম হলো।

আল্লামা শফী বলেন, কওমি শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে মাস্টার্সের (স্নাতকোত্তর ডিগ্রি) সমমর্যাদা দেয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ও আরবি সাহিত্যে দুই বিষয়ের মাস্টার্সের মর্যাদা পাবে দাওরায়ে হাদিস। ফলে কওমি শিক্ষার্থীদের খেদমতের পরিধি বৃদ্ধি পেল। আমাদের বিশ্বাস, এর মাধ্যমে সমাজে-দেশে দুর্নীতি, অনিয়ম, সুদ-ঘুষের প্রচলন হ্রাস পাবে।

শাহ আহমদ শফী আরও বলেন, সবচেয়ে আনন্দের বিষয় হলো আমাদের সব শর্ত মেনে দারুল উলুম দেওবন্দের মূলনীতি অনুসারে দেশের ওলামায়ে কেরাম ও আমরা দায়িত্বশীলরা যেভাবে চেয়েছিলাম, ঠিক সেভাবেই স্বীকৃতি পেয়েছি। আমরা মনে করি, এতে কওমি মাদ্রাসার স্বকিয়তা, ঐতিহ্য ও ভাবমূর্তিতে কোনো আঘাত আসবে না।

তিনি এ বিবৃতিতে কওমি সনদ পাওয়ার জন্য যারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে অন্যতম বেফাকের প্রতিষ্ঠাতা মহাসচিব শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, জাতীয় মসজিদের খতীব মাওলানা উবায়দুল হক, আল্লামা আতাউর রহমান, আল্লামা মুফতি ফজলুল হক আমিনী, মাওলানা আব্দুল জাব্বার জাহানাবাদীসহ বেফাকের সঙ্গে জড়িত সবাইকে বিশেষভাবে স্মরণ করেন।

গতকাল বুধবার জাতীয় সংসদে কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিতে বিল পাস হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।