জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধ, অবৈধ মজুদ রোধ এবং নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি বন্ধ করতে সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এ বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়ে একটি পত্র জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ শাখার সিনিয়র সহকারী সচিব নাহিদা আক্তার তানিয়া স্বাক্ষরিত নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধ, অবৈধ মজুদ রোধ এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি বন্ধে তদারকি জোরদার করতে হবে। একই সঙ্গে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি বন্ধ এবং পাচার রোধে জেলা প্রশাসনের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার জন্য বলা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ–এর অনুরোধের পরিপ্রেক্ষিতে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এর আগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক চিঠিতে জ্বালানি তেলের অবৈধ মজুদ, অতিরিক্ত দামে বিক্রি এবং পাচার রোধে জেলা প্রশাসনের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনার জন্য অনুরোধ জানিয়েছিল।