বিএনপি ও জাতীয় পার্টির একাধিক সাংসদ এই আইনকে ‘কালো আইন’ আখ্যা দিয়ে এটি প্রত্যাহারের দাবি জানান। তাঁরা বলেন, শেয়ারবাজার, ব্যাংক খাত ধ্বংস হওয়ার পর অর্থমন্ত্রী এখন বিভিন্ন স্বশাসিত প্রতিষ্ঠানের দিকে নজর দিয়েছেন। গতকাল শেষ পর্যন্ত কণ্ঠভোটে বিলটি পাস হয়েছে। বিল পাসের বিরোধিতা করে সংসদ থেকে ওয়াকআউট করে বিএনপি। বিএনপি ও জাতীয় পার্টির সদস্যরা নিজেদের দেওয়া সংশোধনী প্রস্তাবগুলো প্রত্যাহার করে নেন। সাম্প্রতিক সময়ে সংশোধনী প্রস্তাব উত্থাপনকারী সদস্যদের সবাইকে নিজেদের প্রস্তাব প্রত্যাহার করে নিতে দেখা যায়নি।
বিলের ওপর আলোচনায় বিএনপির সাংসদ রুমিন ফারহানা বলেন, এভাবে টাকা নিলে ব্যাংকে টাকা থাকবে না। শেয়ারবাজার, ব্যাংক খাতে লুট হয়েছে। এখন চোখ গেছে এসব প্রতিষ্ঠানের দিকে। তিনি বলেন, অর্থমন্ত্রী অসাধারণ মেধাবী ছাত্র ছিলেন। সাধারণ অবস্থা থেকে ব্যবসায়ী হয়েছেন। তিনি অর্থনীতি বোঝেন না, এটা পাগলেও বিশ্বাস করবে না। রুমিন বলেন, সমস্যা হলো অর্থমন্ত্রীর সদিচ্ছার অভাব। তিনি এত মেধাবী, কিন্তু শেয়ারবাজার, খেলাপি ঋণ নিয়ে কিছু করেননি। অর্থমন্ত্রী শুধু ধনী সমাজের মন্ত্রী নন। খেটে খাওয়া মানুষের দিকে তাঁর নজর নেই। জাতীয় পার্টির জ্যেষ্ঠ সাংসদ ফখরুল ইমাম বলেন, ব্যাংকে মানুষের যে টাকা, সেটাও সরকারের অর্থ। কয়েক দিন পর হয়তো সেটাও নিয়ে নেওয়া হবে। তিনি চিন্তা করছেন, তাঁর ব্যাংকের টাকা বাসায় নিয়ে যাবেন কি না। ফখরুল ইমাম বলেন, অর্থমন্ত্রী শিক্ষিত মানুষ। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তিনি সরকারি দলের উদ্দেশে বলেন, ‘নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতা দেখাবেন না। পৃথিবীর অনেক ধ্বংস হয়ে গেছে।’
পরে বিলটি পাস করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এ সময় বিএনপির সাংসদ হারুনুর রশীদ দাঁড়িয়ে বলেন, তাঁরা সংশোধনী প্রস্তাব উত্থাপন করেননি। জনমত যাচাই করতে বলেছেন। কিন্তু তাও করা হয়নি। বিলটি পাস করা হচ্ছে। তাই তাঁরা ওয়াকআউট করছেন। তাঁর বক্তব্যের পর হারুনসহ বিএনপির তিনজন সাংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেন। পাস হওয়া বিলে বিলে মোট ৬১টি প্রতিষ্ঠানের তালিকা দেওয়া হয়েছে। বিলে বলা হয়েছে, এসব সংস্থা চালাতে যে খরচ হয় এবং নিজস্ব অর্থায়নে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বছরে যে অর্থ লাগে, তা তাদের নিজস্ব তহবিলে জমা রাখা হবে। এ ছাড়া আপৎকালীন ব্যয় নির্বাহের জন্য পরিচালন ব্যয়ের আরও ২৫ শতাংশ অর্থ এসব সংস্থা সংরক্ষণ করতে পারবে
৬১টি প্রতিষ্ঠান হলো জাতীয় কারিকুলাম এবং টেক্সটবুক বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ‘ঢাকা, কুমিল্লা, যশোর, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, দিনাজপুর’ উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), পল্লী উন্নয়ন একাডেমি-বগুড়া, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ মান নিয়ন্ত্রণ ও পরীক্ষা ইনস্টিটিউট (বিএসটিআই), বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস), বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক), জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ সেরিকালচার বোর্ড, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি), বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এবং সহযোগী প্রতিষ্ঠান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন এবং সহযোগী প্রতিষ্ঠান, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন এবং সহযোগী প্রতিষ্ঠান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন, পেট্রোবাংলা, বাংলাদেশ শিপিং করপোরেশন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ, বাংলাদেশ জুট মিল করপোরেশন, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি), বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন, বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), চট্টগ্রাম ওয়াসা, ঢাকা ওয়াসা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মোংলা বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ও বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন।



