গুণী শিক্ষক সম্মাননা এবার পাবেন ১০০ জন: মাহ্দী আমিন

গুণী শিক্ষক সম্মাননা এবার পাবেন ১০০ জন: মাহ্দী আমিন
গুণী শিক্ষক সম্মাননা এবার পাবেন ১০০ জন: মাহ্দী আমিন

গুণী শিক্ষকদের সামাজিক মর্যাদা ও পেশাগত স্বীকৃতি বাড়াতে এ বছর জাতীয় পর্যায়ের ‘গুণী শিক্ষক সম্মাননা’র পরিধি ১২ জন থেকে বাড়িয়ে ১০০ জন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।

সোমবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভার শুরুতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মাহ্দী আমিন বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে মাত্র ১২ জন শিক্ষককে গুণী শিক্ষক সম্মাননা দেওয়া হতো। এবার প্রথমবারের মতো প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরের মোট ১০০ জন কৃতি শিক্ষককে এ সম্মাননার আওতায় আনা হচ্ছে।

তিনি জানান, আগামী ৫ অক্টোবর ইউনেস্কো ঘোষিত বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নির্বাচিত শিক্ষকদের হাতে এ সম্মাননা তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সম্মাননার আওতা সম্পর্কে উপদেষ্টা বলেন, এবার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিকের সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা—এই তিন ধারার শিক্ষকরা এতে অন্তর্ভুক্ত হয়েছেন। পাশাপাশি কলেজ, সাধারণ বিশ্ববিদ্যালয় এবং চিকিৎসা, কৃষি, প্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তির মতো বিশেষায়িত উচ্চশিক্ষা ক্ষেত্র থেকেও গুণী শিক্ষক নির্বাচন করা হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষকরা শুধু শিক্ষার্থীদের পাঠদানই করেন না; তারা নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং টেকসই শিক্ষা নীতি গ্রহণ সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে বলেও জানান তিনি।

সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল ও মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, প্রাথমিক ও গণশিক্ষা সচিব জেসমিন নাহার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।