তিন মামলায় খালেদা জিয়ার জামিন আদেশ আজ

বিশেষ প্রতিবেদকঃ নাশকতার দুই ও মানহানির এক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার  জামিন আবেদনের ওপর আদেশ দেয়া হবে আজ রোববার। রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেবেন।  খালেদা জিয়ার তিনটি আবেদনই শুনানির জন্য আজকের কার্যতালিকার এক থেকে তিন নম্বরে রয়েছে।  গত ২২, ২৩ ও ২৪ মে জামিন আবেদনের ওপর শুনানি হয়।

এর আগে ২০ মে  জামিন আবেদন চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। বিচারপতি এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের ডিভিশন বেঞ্চে জামিন আবেদন শুনানির জন্য অনুমতি চাওয়া হয়। কুমিল্লার ২টি নাশকতার এবং নড়াইলের একটি মানহানির মামলায় এ জামিন চাওয়া হয়।

বিএনপির ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি যাত্রীবাহী নৈশকোচ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে পৌঁছালে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বাসে আগুন ধরে ৮ জন যাত্রী পুড়ে মারা যায়।

এঘটনায় দুটি মামলা হয়। মামলা দুটিতে খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়। চলতি বছরের ২ জানুয়ারি কুমিল্লা জেলা ও দায়রা জজ ২টি মামলায় খালেদা জিয়াসহ বিএনপি-জামায়াতের ৭৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

অন্যদিকে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে নড়াইলের একটি আদালতে ১ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়।

নড়াইল জেলার নড়াগাতি থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইল সদর আমলি আদালতে মামলাটি দায়ের করেন। এ মামলায় ২০১৬ সালের ২৫ জুলাই খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করেন আদালত। সমন গ্রহণ না করায় ২৩ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই আদালত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।