× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

তাসকিন–সানিকে নিয়ে আশা আর শঙ্কা

admin
হালনাগাদ: রবিবার, ১৩ মার্চ, ২০১৬

মাশরাফি বিন মুর্তজা কাল এক টুকরো সুখের ছবি দিয়েছেন ফেসবুকে। হোটেল রুমের আড্ডায় তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। সবার মুখেই হাসি। ‘সেলফিগ্রাফার’ মাশরাফি নিজেও আছেন ফ্রেমে। স্ট্যাটাস, ‘বৃষ্টির দিন…বুড়ো ষাঁড়গুলো একসঙ্গে বসে।’
বৃষ্টি ও প্রচণ্ড ঠান্ডা মিলিয়ে ধর্মশালায় কাল জবুথবু এক দিন কাটাল বাংলাদেশ দল। তবে মাশরাফির ওই ছবিতে পরিষ্কার—বৈরী আবহাওয়া খেলোয়াড়দের হোটেলে বন্দী করতে পারলেও আত্মবিশ্বাস চুপসে দিতে পারেনি। তাসকিন আহমেদ-আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে যা ঘটে চলেছে, সেসবেরও যেন কোনো প্রভাব নেই। বিষয়টা সময়ের হাতে ছেড়ে দিয়ে সবাই অপেক্ষায় নতুন শুরুর।
চেন্নাইয়ের পরীক্ষায় তাসকিনের অ্যাকশনে ত্রুটি ধরা পড়বে না, এমন বিশ্বাস দলের সবার মধ্যে। তবে আরাফাত সানিকে নিয়ে কিছুটা সংশয় দলেও আছে। ‘তার অ্যাকশনে ত্রুটি ধরা পড়লেও পড়তে পারে’ বলে কাল ধর্মশালা থেকে মুঠোফোনে মন্তব্য করেছেন দল-সংশ্লিষ্ট একজন।

বাঁহাতি এই স্পিনারের বোলিং অ্যাকশন একবার ঘরোয়া ক্রিকেটেও প্রশ্নবিদ্ধ হয়েছিল বলেই এমন শঙ্কা। তবে আম্পায়াররা দুজনের সব ডেলিভারিই ‘সন্দেহজনক’ বলায় টিম ম্যানেজমেন্টের কাছে বিষয়টা একটু হালকা হয়ে গেছে। মুঠোফোনে তাঁদেরই একজন আত্মবিশ্বাস নিয়ে বলছিলেন, ‘সব ডেলিভারিতে সমস্যা থাকলে ওরা এতগুলো ম্যাচ খেলল কী করে? এটা অসম্ভব। অভিযোগ থাকলে দু-একটা ডেলিভারি নিয়ে থাকতে পারে। কিন্তু তাঁরা কারও ক্ষেত্রেই নির্দিষ্ট কোনো ডেলিভারির কথা উল্লেখ করেননি।’
স্পিন কোচ রুয়ান কালপাগের সঙ্গে কাল দুপুর ১২টার ফ্লাইটে ধর্মশালা থেকে চেন্নাই উড়ে গেছেন সানি। স্যার রামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে তাঁর অ্যাকশনের পরীক্ষাও হয়ে যাওয়ার কথা কালই। পেস বোলিং কোচ হিথ স্ট্রিকের সঙ্গে তাসকিন যাবেন আগামীকাল। তাঁর পরীক্ষা পরশু সকালে।
তার আগের সময়টাতে কোচ চন্ডিকা হাথুরুসিংহে, অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা থেকে শুরু করে নতুন-পুরোনো সব ক্রিকেটারকেই পাশে পাচ্ছেন তাসকিন। দল সূত্রে জানা গেছে, আম্পায়াররা অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলার পর শুরুতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই পেসার।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এসেও পার করে ফেলেছেন প্রায় দুই বছর। এই অতীতটা টেনে ঘনিষ্ঠ সতীর্থদের কাছে একটাই প্রশ্ন ছিল তাঁর, ‘আমার নাকি সব ডেলিভারিতেই সমস্যা! তাহলে এত দিন কেন তারা সেটা বলল না?’
তাসকিনের প্রশ্নের জবাব কারও কাছেই ছিল না। সবাই শুধু সাহস দিয়েছেন। দলের এক কর্মকর্তা কাল মুঠোফোনেও শোনালেন একই আশাবাদ, ‘তাসকিনকে অকারণে পরীক্ষা দিতে হচ্ছে। আমরা নিশ্চিত ওর অ্যাকশনে কোনো ত্রুটি ধরা পড়বে না।’

হল্যান্ড ম্যাচের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দুই বোলারের কারও হাতই ১৫ ডিগ্রির বেশি বাঁকা হয়েছে বলে মনে হয়নি কোচদের। ধর্মশালায় এক সংবাদ সম্মেলনে কাল বোলিং কোচ হিথ স্ট্রিক তাসকিনের কথাটা বলেছেন আলাদা করেই, ‘তাসকিন আমার অধীনে কাজ করেছে এবং আমি তার ভিডিও বিশ্লেষণ করে দেখেছি। শুরু থেকে যে রকম দেখেছি তার সঙ্গে তাসকিনের এখনকার বোলিংয়ের কোনো পার্থক্য আছে বলে মনে হয়নি।’
কোচের কথা তাসকিনকে নিশ্চিতভাবেই উজ্জীবিত রাখবে। তাঁকে সাহস জোগাচ্ছেন নতুন বলের সঙ্গী আল আমিনও। ২০১৪-এর ওয়েস্ট ইন্ডিজ সফরে তাঁর বোলিং অ্যাকশনকেও ‘সন্দেহজনক’ বলা হয়েছিল। পরে স্যার রামাচন্দ্র বিশ্ববিদ্যালয়েই পরীক্ষা দিয়ে শুদ্ধতার ছাড়পত্র পেয়েছিলেন সদ্য সমাপ্ত এশিয়া কাপ টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটশিকারি।

চেন্নাইয়ের পরীক্ষায় কী কী করতে হয়, কয় ধরনের বল করতে হতে পারে—সব ব্যাপারেই তাসকিনকে ধারণা দেওয়ার চেষ্টা করছেন আল আমিন।
সঙ্গে দেশের মানুষের সমর্থন আর প্রার্থনা তো আছেই। ‘চেন্নাই সফরে’ নাকি সেটাকেই সবচেয়ে বড় শক্তি মনে করেন তাসকিন!


এ ক্যটাগরির আরো খবর..