দুর্গাপূজা উদযাপনে ঝিনাইদহে মামাবাড়িতে বেড়াতে গিয়ে মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী নন্দিনী সরকার (১৮)। অসুস্থ হয়ে গত ৪ অক্টোবর রাত সোয়া তিনটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নন্দিনী সরকার মৃত্যুর কারণ হিসেবে মাদকের বিষক্রিয়ার কথা উল্লেখ করলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানিয়েছেন শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান।
বুধবার (৮ অক্টোবর) রাতে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, অপমৃত্যুর মামলায় বাদী নন্দিনীর মৃত্যুর কারণ হিসেবে মাদকের বিষক্রিয়ার কথা উল্লেখ করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।
মানিকগঞ্জ জেলার গিলন্ড গ্রামের ইজিবাইকচালক অনিল সরকারের দুই মেয়ের মধ্যে নন্দিনী বড়। দুর্গাপূজার সপ্তমীর দিনে পূজার উৎসব উপভোগ করতে ছোট বোন বিনা (১৭), কাকা গণেশ সরকারের স্ত্রী হাসি ও কাকাতো ভাই (গণেশ সরকারের ছেলে) সমিরকে সঙ্গে নিয়ে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভাণ্ডারীপাড়ায় বিজন সরকারের বাড়িতে আসেন।
অষ্টমীর দিনে আসেন কাকা (নন্দিনীর) গণেশ সরকার। গাজীপুর প্যারামাউন্ট টেক্সটাইলস নামের একটি বেসরকারি কোম্পানিতে ট্রান্সপোর্ট সুপারভাইজার পদে চাকরি করেন তিনি (গণেশ সরকার)। শৈলকূপা উপজেলার ভাণ্ডারীপাড়া গ্রামে তার শ্বশুরবাড়ি। বিজন তার শ্যালক। অর্থাৎ হাসির (গণেশের স্ত্রী) বাবার বাড়ি। গণেশ সরকারের দুই ছেলে। ছোট ছেলে প্রতিবন্ধী।
গণেশ জানান, ৩ অক্টোবর শুক্রবার নৌকা ভাড়া করেন তারা। শৈলকূপা শহর সংলগ্ন কুমার নদে বিসর্জন উপভোগ করেন পরিবারের সদস্যরা। তাদের সঙ্গে প্যারামাউন্ট ট্যাক্সটাইলস মিলের দুইজন কর্মচারীও ছিলেন। কিন্তু তাদের নাম পরিচয় জানাননি গণেশ। ৪ অক্টোবর অসুস্থ হয়ে পড়েন নন্দিনী। সন্ধ্যা ৭টার দিকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তাকে (নন্দিনী)।
গণেশের দেওয়া তথ্যমতে সমিরসহ তিনজন নন্দিনীকে নিয়ে যায় শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। একজন নারী ডাক্তার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং স্যালাইন দেওয়ার কথা বলেন। ওই দিন বাড়িতে (বিজন সরকারের বাড়ি) এনে স্যালাইন দেওয়ার কিছু সময় পর রাত অনুমান ১২টার দিকে ফের অসুস্থ হয়ে পড়েন নন্দিনী। আবারও নেওয়া হয় শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চারজন ডাক্তার নন্দিনীর স্বাস্থ্য পরীক্ষা করেন এবং সংজ্ঞাহীন অবস্থায় রেফার করা হয় কুষ্টিয়া হাসপাতালে। সেখানে রাত অনুমান ৩টা ১০ মিনিটের দিকে মারা যান নন্দিনী।
এদিকে, অনুসন্ধানে বেরিয়ে এসেছে বেশ কিছু ভয়ঙ্কর তথ্য। কুষ্টিয়া সদর থানার ওসি (অফিসার ইনচার্জ) মোশাররফ হোসেন জানান, থানার এসআই হাফিজুর রহমান নন্দিনীর সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন। এর আগে নন্দিনীর মৃত্যুর বিষয়টি অবহিত করে কুষ্টিয়া হাসপাতাল থেকে একটি স্লিপে থানায় (কুষ্টিয়া) পাঠানো হয়। ওই স্লিপে মৃত্যুর করণ হিসেবে মাদকের বিষক্রিয়াতে নন্দিনীর মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেছেন আবাসিক মেডিকেল অফিসার (কুষ্টিয়া হাসপাতাল) ডা. হোসেন ইমাম। কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালে ময়নাতদন্ত করানো হয়েছে।
মামলার বিষয়ে কুষ্টিয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরও জানান, কুষ্টিয়া থানায় কোনো মামলা বা জিডি হয়নি; কিন্তু শৈলকূপা (ঝিনাইদহ) থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। যদিও শৈলকূপা থানার অফিসার ইনচার্জ মাসুম খান অপমৃত্যুর মামলা দায়ের করার খবর নিশ্চিত করেছেন।
অনুসন্ধানে জানা যায়, কুষ্টিয়া হাসপাতাল কর্তৃপক্ষ ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরে রাজি না হওয়ায় জনৈক সঞ্জয় কুমার সরকার (বিজনের প্রতিবেশী) শৈলকূপা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। ওই অপমৃত্যুর মামলায় মাদকের বিষক্রিয়াতে নন্দিনীর মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সঞ্জয় কুমার সরকার বুধবার (৮ অক্টোবর) টেলিফোনে জানান, ওই দিন (৫ অক্টোবর) চরম ব্যস্ততার মাঝে ছিলাম। কী লিখেছি তা মনে নেই।
তবে অপমৃত্যুর মামলার তথ্য ইমেইলে পাওয়ার পরে কুষ্টিয়া হাসপাতালের ডাক্তারেরা ময়নাতদন্ত করেন এবং স্বজনদের কাছে মরদেহ বুঝে দেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা নেতিবাচক গল্প। এতে শোকে কাতর নন্দিনীর পরিবারটি বিব্রতকর অবস্থায় দিন কাটছে বলে জানান গণেশ সরকার।
নন্দিনীর প্রসঙ্গ টেনে গণেশ সরকারের শ্যালক বিজন জানান, শৈলকূপা শহরে পূজার বিসর্জন হয়েছে ২ অক্টোবর (বৃহস্পতিবার)। ভাণ্ডারীপাড়াসহ অন্যান্য গ্রামের বিসর্জন হয়েছে ৩ অক্টোবর (শুক্রবার)। বাড়িতে অতিথি ঠাসা। কে কোথায় কী করছে কিছুই বোঝা যায়নি। তবে আসার পর থেকে পড়ালেখায় মগ্ন ছিলেন। বিসর্জনের দিনে নৌকায় করে আনন্দ করেছে। মদপান করেছে কিনা জানা নেই বলে দাবি করেন বিজন।
গ্রামের নির্ভরযোগ্য একটি সূত্র জানায় বিসর্জনের দিন (অক্টোবর) নন্দিনী ও তার ছোট বোন বিনাসহ অন্তত ৬ জন সমবয়সী নারী নৌকায় চড়ে আনন্দ করেন। তারা পান করেন বাংলা মদ। সেই থেকে নন্দিনী অসুস্থ হয়ে পড়েন। ৪ অক্টোবর সকাল থেকে অবস্থার অবনতি হতে থাকে। এরপর ওই দিন (৪ অক্টোবর) সন্ধ্যায় নেওয়া হয় শৈলকূপা উপজেলা স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে; কিন্তু সেখানে থাকতে চাইনি নন্দিনী। পরে প্রাপ্ত তথ্যমতে একজন নারী ডাক্তার নিবিড়ভাবে কথা বলে ঘটনা জানার চেষ্টা করেন।
সংশ্লিষ্ট উপজেলা (শৈলকূপা) স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রথমে শরীর দুর্বল এবং দ্বিতীয়বার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন নন্দিনী।
এদিকে, শৈলকূপা হাসপাতালে জরুরি বিভাগের নথি পর্যালোচনা করে জানা যায়, ৪ অক্টোবর (২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নন্দিনীকে চিকিৎসার জন্য আনা হয়। পরে ৪ তারিখ দিবাগত রাত (৫ অক্টোবর) আড়াইটার দিকে দ্বিতীয়বার হাসপাতালে আনা হয়। হাসপাতালের রেজিস্টার খাতায় নন্দিনীর ভর্তির কারণসহ পুলিশ কেস হিসেবে সিল দেওয়া হয়েছে। অর্থাৎ মাদকের বিষক্রিয়া বা অতিরিক্ত মদপানের প্রাথমিক আলামত ওই দিন নন্দিনীর শরীরে মিলেছিল।
এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক গোলক মজুমদার জানান, বাংলা মদ যা ক্যারু অ্যান্ড কোম্পানিতে প্রস্তুত করা হয়; সেটি পান করলে বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা কম। কিন্তু ওই মদের সঙ্গে ভেজাল মেশালে বিপদ হতে পারে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। একজন পরিদর্শকের নেতৃত্বে একটি টিম মাঠে নেমেছে। কী ধরনের মাদক নন্দিনী পান করেছিল সেটি চিহ্নিত করার চেষ্টা করছে তারা।
এ ব্যাপারে প্রাপ্ত তথ্যমতে- ইতোমধ্যে সরকারের উচ্চমহল থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নন্দিনীর মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করতে পুলিশ প্রশাসনকে (ঝিনাইদহ) নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরের দিকে সাদা পোশাকে শৈলকূপা থানার দুইজন পুলিশ সদস্য উপজেলার (শৈলকূপা) ভাণ্ডারীপাড়া গ্রামের বিজয় কুমার সরকারের বাড়ি পরিদর্শন করেছেন।
নন্দিনীর সহপাঠী কে-৮২ ব্যাচের শিক্ষার্থী মো. সানজিদ অপূর্ব বিন সিরাজ মেডিভয়েসকে বলেন, পূজার পর বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে নন্দিনী সরকার মাংস ও ডিমসহ এক সাথে অনেক রিচ ফুড খেয়ে ফেলে। সেই সঙ্গে আশপাশের পরিবেশও স্বাস্থ্যকর ছিল না। ফলে অস্বাভাবিক হয়ে যায়। সাথে সাথেই প্যালপিটিশন শুরু হয়, ঘামতে থাকে। আর গ্যাসের ব্যথাও দেখা দেয়।
সানজিদ আরও জানান, রাত ১২টার দিকে আত্মীয়-স্বজনরা তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা ভালো নয় জানিয়ে চিকিৎসক ওয়াশ করার কথা বলেন। কিন্তু নন্দিনী পরের দিন মানিকগঞ্জ ফিরবেন বলে এই চিকিৎসার দীর্ঘ প্রক্রিয়ায় যেতে চাননি। অবস্থার উন্নতি হলে মামার বাসায় ফিরে যান। শনিবার রাতে অবস্থার অবনতি হয়। সেদিন আরো বেশি ঘামতে থাকে। এর মাত্রা তীব্রতর হলে পরিবারের সদস্যরা অনেকগুলো ফ্যানের ব্যবস্থা করে দেন। কিন্তু তাতেও স্বাভাবিক হননি নন্দিনী। পরে রাতেই তাকে আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। ততক্ষণে অবস্থা আরো খারাপ হয়ে যাওয়ায় চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পথে মারা যান তিনি। রাত তিনটার দিকে সেখানে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকের ধারণা তিনি স্ট্রোকেও আক্রান্ত হয়ে থাকতে পারেন।
নন্দিনীর ছোট বোন বিনা সরকার গণমাধ্যমকে বলেন, ‘ও একটু অসুস্থ ছিল। কিন্তু বাড়ির কাউকে বুঝতে দেয়নি। ঢাকা মেডিকেলের হোস্টেলে থাকতো, কিন্তু খাওয়া-দাওয়া ঠিক করতে পারতো না। এ কারণে শরীর প্রচুর দুর্বল ছিল। ঠিক মতো দাঁড়াতে পারে না। এর ওপর আবার ওর ঠাণ্ডা লেগেছিল। ডাক্তার ওষুধ দিল। খেয়ে ভালো লাগছে বলে জানালো। রাত ১টার দিকে বলে ভালো লাগছে না। ৪-৫ জন মিলে শৈলকূপা হাসপাতালে নিয়ে গেছি। অক্সিজেন দিয়ে কুষ্টিয়া পাঠালো। সেখানে গিয়ে কোনো কথা বলেনি। শৈলকূপা থেকে যাওয়ার সময় ওর বিপি ছিল ৭০/১০০। ডিম-স্যালাইন খাওয়ানো হয়েছিল। কুষ্টিয়া নিয়ে দেখি কোনো বিপি নেই।’
নন্দিনী কোনো পাণীয় পান করেছে কিনা—জানতে চাইলে তিনি বলেন, ‘কলেজ খোলার পর পরীক্ষা আছে। তাই সেখানে সারাদিন পড়াশোনা করেছে। রাতে আমাদের সঙ্গে মন্দিরে গেছে। সেখানে কিছুই খায়নি। আমি তার সঙ্গে সব সময় ছিলাম।’