ঢাকা আইনজীবী সমিতির ২০২১-২২ মেয়াদে কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল এ্যাডভোকেট আবুল বাতেন সভাপতি এবং বিএনপি সমর্থিত নীল প্যানেল খোন্দকার মোঃ হযরত আলী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল সভাপতিসহ সংখ্যাগরিষ্ঠ ১৫ পদে জয়ী হয়েছে। অপরদিকে, বিএনপি সমর্থিত নীল প্যানেল সাধারণ সম্পাদকসহ ৮ পদে জয় লাভ করেছে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু এ ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত আব্দুল বাতেন ৪ হাজার ৪৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, আর বিএনপি সমর্থিত মোসলেহ উদ্দিন জসিম পেয়েছেন ৩ হাজার ৯৩৪ ভোট। অপরদিকে, সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত খোন্দকার হযরত আলী ৪ হাজার ২৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, আর আওয়ামী লীগ সমর্থিত ফিরোজুর রহমান মন্টু পেয়েছেন ৪ হাজার ৭৩ ভোট।
আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের বিজয়ীরা হলেন- সভাপতি অ্যাডভোকেট আবুল বাতেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক এ কে এম সালাহউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান (তারেক), কোষাধ্যক্ষ একেএম আরিফুল ইসলাম কাওছার, লাইব্রেরি সম্পাদক শারমিন সুলতানা হ্যাপী, সাংস্কৃতিক সম্পাদক শায়লা পারভীন পিয়া, অফিস সম্পাদক জাকির হোসাইন (লিঙ্কন), ক্রীড়া সম্পাদক মো. রফিকুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক এ এস ইমরুল কায়েশ।
এছাড়া সাদা প্যানেলের সদস্য পদে বিজয়ীরা হলেন- এ বি এম ফয়সাল সারোয়ার, বাহারুল ইসলাম (বাহার), মো. মহিন উদ্দিন (মহিন), জুয়েল চন্দ্র মোদক, সুলতানা রাজিয়া রুমা ও মো. আহসান হাবিব।
নীল প্যানেলের বিজয়ীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন ও সহ-সভাপতি পদে মো. আনিসুর রহমান (আনিস) ও সাধারণ সম্পাদক খোন্দকার মো. হযরত আলী।
এ প্যানেলের সদস্য পদে বিজয়ীরা হলেন- বাবুল আক্তার (বাবু), এম আর কে রাসেল, মো. হোসনী মোবারক (রকি), মো. সোহাগ হাসান রনি ও মোসা. তাসলিমা আক্তার।
এর আগে বুধবার ও বৃহস্পতিবার সকাল ৯টায় থেকে ভোটগ্রহণ শুরু হয়ে মধ্যে একঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ১৭ হাজার ৭৫৬ জন ভোটারের মধ্যে ৮ হাজার ৭০৬ জন ভোট দিয়েছেন। এরপর শুক্রবার দুপুরের পর ভোট গনণা শুরু হয়।