ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি

ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি

রাজধানী ঢাকাসহ দেশের ১৭টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

শুক্রবার (১ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির শঙ্কাও রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে পৃথক আরেকটি পূর্বাভাসে জানানো হয়েছে, সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি, এমনকি অতি ভারি বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এই ঝড়বৃষ্টির প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। ফলে নৌযান চলাচল, কৃষিকাজ এবং খোলা স্থানে অবস্থানরত মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।