ঢাকার রামচন্দ্রপুর খালটিকে টেকসইভাবে পরিচ্ছন্নকরণের উদ্যোগ নেওয়া হয়েছে -পানি সম্পদ উপদেষ্টা

ঢাকার রামচন্দ্রপুর খালটিকে টেকসইভাবে পরিচ্ছন্নকরণের উদ্যোগ নেওয়া হয়েছে -পানি সম্পদ উপদেষ্টা

পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকার রামচন্দ্রপুর খালটিকে টেকসইভাবে পরিচ্ছন্নকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এ খালটিকে আমাদের বাঁচাতে হবে কারণ খালটিকে এ এলাকার প্রাণ বলা যায়। কিন্তু খালটি বর্জ্যে চরমভাবে দূষিত হয়ে পড়েছিল। এখন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এটিকে পরিচ্ছন্ন ও দূষণমুক্তকরণের কাজ আমরা হাতে নিয়েছি। আশা করছি, পরিষ্কার-পরিচ্ছন্নকরণের মাধ্যমে এ খালে স্বচ্ছ পানি প্রবাহিত হবে।

উপদেষ্টা আজ ঢাকার আদাবরে রামচন্দ্রপুর খাল পরিচ্ছন্নকরণের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, খালটি পরিষ্কার-পরিচ্ছন্নকরণের কাজ যাতে টেকসই হয় সেজন্য নতুন কর্ম-পরিকল্পনা নেওয়া হচ্ছে। অন্তত আগামী এক বছর স্থানীয় মানুষকে অন্তর্ভুক্ত করে এ কাজটা অব্যাহত রাখতে হবে যাতে একটা খাল সুন্দর হলে কেমন হয় এটাও মানুষ দেখতে পারে। তিনি বলেন, খালের সৌন্দর্য দেখলে মানুষের মধ্যে খালটিকে রক্ষা করার ইচ্ছা জাগবে। আর স্থানীয় জনগণকে যদি আমরা সম্পৃক্ত না করি তাহলে এটা কখনো টেকসই হবে না।

উপদেষ্টা আরো বলেন, এই খালে যেন আর কেউ বিশেষ করে বাসা-বাড়ির বর্জ্য ফেলতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর এজন্য স্থানীয় জনগণকে এখানে ডাস্টবিন দেওয়া হয়েছে তারা যেন ডাস্টবিনে ময়লা ফেলে। রামচন্দ্রপুর খালকে যদি বাঁচাতে হয় তবে খালটির পাড় বাঁধাই, খনন, বর্জ্য ব্যবস্থাপনা ও সৌন্দর্যবর্ধন এসব অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত প্রকল্প গ্রহণ করতে হবে।

এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আইডিএলসি-এর আর্থিক সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা ফুটস্টেপ রামচন্দ্রপুর খালের এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে। এতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এক্সেবেটর-সহ লজিস্টিকস সহযোগিতা প্রদান করছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।