ক্রীড়া ডেস্ক: সাধারণ মানুষের পাশাপাশি ক্রীড়াবিদরাও নেশার জগতে ঢুঁ মারেন। কেউ শুধু চেখে দেখে ফিরে আসলেও কেউ কেউ নেশায় ডুবে যান।
তবে মাদক নিয়ে রেহাই পেয়েছেন এমন ক্রীড়াবিদের সংখ্যা নেই বললেই চলে। মাদকের ছোবলের শিকার হয়েছেন খোদ ম্যারাডোনা, শেন ওয়ার্ন, ল্যান্স আর্মস্ট্রং, টাইসন গে। এই তালিকায় সর্বশেষ সংযোজন পাকিস্তানের বোলার ইয়াসির শাহ। মাদক গ্রহণের অপরাধে তাকে সাময়িকভাবে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
অবশ্য ইয়াসির শাহই পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের প্রথম ডোপপাপী নন। তার আগেও বেশ কয়েকজন মাদক নেওয়ার অপরাধে নিষিদ্ধ হয়েছিলেন। সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমেররা যেমন ম্যাচ ফিক্সিং করে পাকিস্তানের ক্রিকেটকে কলঙ্কিত করেছেন। তেমনি এঁরা মাদক সেবন করে কলঙ্কিত করেছে পাকিস্তান ক্রিকেটকে। চলুন আজ তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক।
শোয়েব আখতার : ২০০৬ সালের ১ নভেম্বর। এদিন মাদক নেওয়ার অপরাধে নিষিদ্ধ হন পাকিস্তানের খ্যাতিমান ফাস্ট বোলার শোয়েব আখতার। তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়। পাশাপাশি নিষিদ্ধ এনাবলিক স্টেরোয়িড নানড্রোলোন নেওয়ায় আরো এক বছরের জন্য নিষিদ্ধ হন। পরে অবশ্য ট্রাইব্যুনালে অব্যাহতি পান।
মোহাম্মদ আসিফ : ২০০৬ সালের ১ নভেম্বর শোয়েব আখতারের সঙ্গে নিষিদ্ধ হন আরেক ফাস্ট বোলার মোহাম্মদ আসিফ। তাকেও দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়। পাশাপাশি নিষিদ্ধ এনাবলিক স্টেরোয়িড নানড্রোলোন নেওয়ায় আরো এক বছরের জন্য নিষিদ্ধ হন। পরে শোয়েব আখতারের সঙ্গে ট্রাইব্যুনালে তিনিও অব্যাহতি পান।
আব্দুর রেহমান : ২০১২ সালের ২ অক্টোবর। এদিন মাদক নেওয়ার অপরাধে নিষিদ্ধ হন পাকিস্তানের আরেক স্পিনার আব্দুর রেহমান। কাউন্টি ক্রিকেটে সামারসেটের হয়ে খেলার সময় তিনি নিষিদ্ধ মাদক নেন। পরে পরীক্ষায় ইতিবাচক হওয়ায় ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড তাদের মাদক বিরোধী আইনে ১২ সপ্তাহের জন্য নিষিদ্ধ করে আব্দুর রেহমানকে। নিষেধাজ্ঞার কারণে পাকিস্তানের হয়ে সেবার চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে পারেননি তিনি।
অবশ্য মাদক নেওযার বিষয়টি স্বীকার করে তিনি সকলের কাছে ক্ষমা চেয়ে বলেছিলেন, ‘আমি আমার পরিবার, পিসিবি, ইসিবি, সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাব, আমার দলের খেলোয়াড় এবং সমর্থকদের কাছে ক্ষমা চাই। আমি একটি ভুল করে ফেলেছি যার মাশুল আমাকে কড়ায়-গণ্ডায় দিতে হয়েছে। আমি আশা করবো এ ঘটনা সব ধরনের খেলায় জড়িতদের জন্য শিক্ষা হয়ে থাকবে।’
কাশিফ সিদ্দিকী: ২০১৪ সালের ৭ মে মাদক বিরোধী আইন লঙ্ঘন করার অপরাধে নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটার কাশিফ সিদ্দিকী। মাদক নেওয়ার অপরাধে তাকে ২ বছরের জন্য নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ট্রাইব্যুনালে শুনানিতে এই ব্যাটসম্যানকে পিসিবির মাদক-বিরোধী আইন ভঙ্গ করার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। ২০১৪ সালের ৮ জানুয়ারি থেকে তার নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ৩২ বছর বয়সী সিদ্দিকী ১৩১টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচ খেলেছেন।
রাজা হাসান: ডোপ টেস্টে আটকে যাওয়ায় পাকিস্তানের আরেক ক্রিকেটার রাজা হাসানকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। চলতি বছরের ২৫ মে তাকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। তরুণ উদীয়মান লেগ-স্পিনার রাজা হাসান মাদক পরীক্ষায় পজিটিভ হওয়ায় সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ রয়েছেন। করাচিতে একটি ঘরোয়া লিগে পাঞ্জাব বাদশাহ’র হয়ে খেলার সময় রাজা হাসানের নমুনা সংগ্রহ করে ওয়ার্ল্ড এন্টি ডোপিং কমিটি’র (ডব্লিউএডিএ) অনুমোদিত ভারতের একটি ল্যাবরেটরিতে পাঠানো হয়। সেখানকার পরীক্ষায় পজিটিভ হন এই লেগ স্পিনার। ২২ বছর বয়সী এই লেগ স্পিনার পাকিস্তানের হয়ে ১টি ওয়ানডে ও ১০টি টি-২০ ম্যাচ খেলেছেন।
ইয়াসির শাহ: অভিষেকের পর ক্রিকেট বিশ্বের আলো বেশ ভালোভাবেই নিজের দিকে টেনে নিয়েছিলেন পাকিস্তানের বোলার ইয়াসির শাহ। অসাধারণ বোলিং নৈপূণ্য দেখিয়ে তিনি প্রশংসা কুড়িয়েছিলেন কিংবদন্তি শেন ওয়ার্নের কাছ থেকেও। কিন্তু গেল রোববার তিনি কলঙ্কিত করেছেন নিজেকে। পাকিস্তানের ক্রিকেটকে। মাদক পরীক্ষায় পজিটিভ হওয়ায় রোববার ইয়াসির শাহকে সাময়িকভাবে ১ বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
গেল নভেম্বর মাসের ১৩ তারিখ ডোপ টেস্টের জন্য ইয়াসিরের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করে দেখা যায় তাতে নিষিদ্ধ চলোরটালিডোনের উপস্থিতি রয়েছে। আর সে কারণেই তাকে সাময়িক নিষিদ্ধ করে আইসিসি।



