ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি’র প্রথম সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের তত্ত্বাবধানে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সচিবালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় উপস্থিত ছিলেন মীর শাহে আলম।
টাস্কফোর্সের প্রধান দায়িত্ব হবে মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি, প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং জরুরি পদক্ষেপ বাস্তবায়ন।
সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে—
- ব্যাপক হারে লিফলেট ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ।
- স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্পৃক্ত করে ডেঙ্গুবিষয়ক প্রচারণা।
- স্থানীয় প্রশাসন ও নাগরিক সমাজের সমন্বয়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদার।
- ফগার মেশিন ও মশক নিধন কার্যক্রমের মান নিয়মিত পরীক্ষা ও তদারকি।
- এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংসে বিশেষ অভিযান।
- নির্মাণাধীন ভবন, ছাদবাগান, টায়ারের দোকান, গ্যারেজ ও জলাবদ্ধ এলাকায় নিয়মিত পরিদর্শন বৃদ্ধি।
- গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক প্রচার জোরদার।
- ডেঙ্গুর লার্ভা পাওয়া স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
- ডেঙ্গু প্রতিরোধবিষয়ক মনিটরিং ও তদারকি আরও শক্তিশালী করা।
- আক্রান্ত রোগীদের তথ্য দ্রুত সংগ্রহ ও বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা।
সভায় বক্তারা বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা থাকায় এখন থেকেই সমন্বিত প্রস্তুতি গ্রহণ জরুরি। পাশাপাশি মাঠপর্যায়ে কার্যক্রমের গতি বৃদ্ধি এবং প্রয়োজনীয় জনবল নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভায় বিভিন্ন মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, রাজউক, ওয়াসা, এলজিইডি, ডিপিএইচইসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
সরকার আশা করছে, জাতীয় কমিটির গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা সম্ভব হবে।



