ফরিদপুরের মধুখালী উপজেলার পশ্চিম গোন্দারদিয়া এলাকার বাসিন্দা ও মধুখালী উপজেলা ছাত্র লীগ কর্মী ইশতিয়াক মির্জা প্রান্তের (২৭) জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (২২ জুন) বাদ জোহর মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন ও শত শত মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজার নামাজে ইমামতি করেন নিহতের আপন ছোট ভাই মির্জা আব্দুস সামাদ (১২)। পরে পারিবারিক কবরস্থান পশ্চিম গোন্দারদিয়ায় তাকে দাফন করা হয়।
জানাজার শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য দেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক এবং মধুখালী পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা। এ সময় পরিবারের পক্ষে নিহতের আপন চাচাতো বড় ভাই মির্জা শাহরিয়ার লোটাসও বক্তব্য রাখেন। জানা যায় উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, ঐক্য এবং শান্তির বার্তা দেয়।
নেতারা তাদের বক্তব্যে রহস্যজনক এই মৃতে্যুর সঠিক তদন্ত দাবি করেন। উল্লেখ্য,ইশতিয়াক মির্জা প্রান্ত গত ২০ জুন ফরিদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটক হন। পরদিন ২১ জুন সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃতে্যুর খবর পায় পরিবার।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে পুলিশি নির্যাতনের অভিযোগ তোলা হলেও পুলিশ জানিয়েছে, হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃতে্যু হয়।
প্রান্তের মৃতে্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানাজায় অংশগ্রহণকারী অনেকেই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।



