অসিত কুমার ঘোষ (বাবু) ঃ রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ৬৭ কেজি স্বর্ণসহ আটক ৭ জেএমবি সদস্যের একটি ডাকাতির মামলায় ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট খুরশিদ আলম এ রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম প্রত্যেক আসামী ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ডকৃতরা হলেন, মোঃ কাশেম ওরফে কাউছার ওরফে কাশু (২০), নাজমুল হাসান ওরফে নয়ন ওরফে নরেশ (২৩), মোঃ রাশেদ (২৭), মোঃ সেন্টু হাওলাদার (২৬), মোঃ আবু বক্কর সিদ্দিক ওরফে শুভ্র ওরফে আকাশ (২০), মোঃ আবদুল বাছেদ (২২) ও মোঃ জুয়েল সরকার ওরফে সোহরাব ওরফে সরকার (৩২)।
গত সোমবার রাতে তেজগাঁও এলাকা থেকে এদের ৬৭ কেজি স্বর্ণালংকারসহ আটক করে কাউন্টার টেরোরিজম ইউনিট। আটকের সময় তাদের কাছে স্বর্ণ ছাড়াও চারটি পিন্তল, ছয়টি ম্যাগজিন, ১০ রাউন্ড গুলি, ছয় লাখ টাকা, টেলিভিশন ও ল্যাপটপ উদ্ধার হয়। পরে তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা করে পুলিশ।