বিশেষ প্রতিনিধিঃ টানা ৫ বছরের চেষ্টার পর বহুল আলোচিত ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ – টিপিপি চুক্তি স্বাক্ষর বিদায়ী বছরের উল্লেখযোগ্য আন্তর্জাতিক ইস্যুগুলোর একটি। বছরের আলোচিত এই চুক্তি নিয়ে একটি প্রতিবেদন।
দীর্ঘদিন ধরে আলোচনা চললেও ২০১৫’র জানুয়ারিতে চূড়ান্ত কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় হাওয়াইয়ে আয়োজিত ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ-টিপিপি চুক্তি সংক্রান্ত বৈঠক। এরপর জুনে যুক্তরাষ্ট্র এবং প্যাসিফিক অঞ্চলের আরো ১১টি দেশের বাণিজ্যিক বন্ধন জোরদার করতে টানা ৫ বছরের আলোচনার পর টিপিপি চুক্তি স্বাক্ষর হয় দেশগুলোর মধ্যে।
যুক্তরাষ্ট্রের আটলান্টায় ৫ দিনের বৈঠক শেষে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, চিলি, ব্রুনেই, মেক্সিকো, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, পেরু এবং ভিয়েতনামের মধ্যে স্বাক্ষরিত হয় টিপিপি চুক্তি।
চুক্তির মধ্য দিয়ে এ অঞ্চলের দেশগুলোর অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে রফতানির জন্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে ফার্মাসিউটিক্যালস পণ্য, মাংস, কৃষি ও দুগ্ধজাত পণ্য, গাড়ির যন্ত্রাংশসহ অনেক ধরনের পণ্য। এছাড়া, বাড়বে তথ্য-প্রযুক্তির অবাধ ব্যবহার।
বলা হচ্ছে, কয়েক’শ কোটি ডলারের এ চুক্তিটি একবিংশ শতাব্দীর ভবিষ্যৎ পাল্টে দেবে। এখন কংগ্রেসের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় টিপিপি চুক্তি। প্রশান্ত মহাসাগরীয় অংশীদারি এ চুক্তির বাস্তবায়ন হলে বিশ্বের অর্থনীতির ৪০ শতাংশই নির্ভর করবে এ অঞ্চলের ওপর।
তবে এ চুক্তির সুফল প্রান্তিক পর্যায়ে পৌঁছাবে কি না, এমন আশঙ্কায় টিপিপি’র বিরোধিতায় বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্রের কৃষকরা।
এদিকে, টিপিপি চুক্তির প্রতিদ্বন্দ্বিতায় এশিয়ার দেশগুলোর মধ্যেও একটি আন্ত:বাণিজ্য চুক্তির বিষয়ে আগ্রহ দেখিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।