আরিফ মোল্ল্যা,ঝিনাইদহঃ ঝিনাইদহ কালীগঞ্জে একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে কমপক্ষে ২৬ জন আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ৩ টায় কালীগঞ্জ- জীবননগর সড়কের পাতিবিলা ফিরোজ ব্রিকসয়ের সামনে ঘটনাটি ঘটেছে। আহতরা সকলেই ওই বাসের যাত্রী। তাদেরকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর।
কালীগঞ্জ উপজেলা ফায়ার ষ্টেশনের কর্মকর্তা ড, মামুনুর রশিদ ও প্রত্যক্ষদর্শিরা জানান, ( খুলনা মেট্রো-জ-১১-০১১৯) নং এর একটি যাত্রীবাহী শাপলা পরিবহনের বাস দ্রুত গতিতে জীবননগর থেকে কালীগঞ্জের দিকে আসছিল। বাসটি ঝিনাইদহ কালীগঞ্জের পাতিবিলা ইটভাটা নামকস্থানে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এতে বাসে থাকা প্রায় ৩০ জন যাত্রী মারাত্মক আহত হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, দূর্ঘটনায় কবলিত বাসটির যাত্রীদের কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতিতে ইতোমধ্যে বেশ কয়েকজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সম্পা মোদক জানান, আহতদের মধ্যে বেশ কয়েক জনকে যশোর মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন এ পর্যন্ত ওই বাসের ২৬ জন যাত্রীকে কালীগঞ্জ হাসপাতালে আনা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।




