জ্বালানি ব্যবস্থাপনা মসৃণ করার নেপথ্যে সাংবাদিকদের অবদান প্রশ্নাতীত। বিদ্যুৎ ও জ্বালানি খাতের গঠনমূলক সমালোচনা এ খাতের সমৃদ্ধিতে অবদান রেখেছে। বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
প্রতিমন্ত্রী আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে জ্বালানি খাতের সাংবাদিকদের সংগঠন ‘ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স, বাংলাদেশ (এফইআরবি)’-এর কার্যনির্বাহী কমিটির সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।
তিনি বলেন, সাংবাদিকদের সংবাদের পেছনের সংবাদ বিবেচনা করে দেশ ও জাতির মঙ্গলে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা উচিত। সাশ্রয়ী মূল্যে জ্বালানি সরবরাহে সরকার কাজ করছে। এলপিজি’র মূল্য সহনীয় করার উদ্যোগ নেয়া হয়েছে।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসময় বিদ্যুৎ ও জ্বালানি খাতের চলমান ও আগত প্রকল্পসমূহের তুলনামূলকচিত্র আলোচনা করে বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সম্ভাবনা অনুসন্ধানে সাংবাদিকদের আরো অবদান রাখার সুযোগ রয়েছে। এসময় তিনি ‘এফইআরবি’ এর সাথে আরো নিবিড়ভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ‘এফইআরবি’ এর চেয়ারম্যান অরুণ কর্মকার, ভাইস চেয়ারম্যান মোজাহিরুল হক রুমেল, নির্বাহী পরিচালক শামীম জাহাঙ্গীর, পরিচালক (উন্নয়ন ও অর্থ) লুৎফর রহমান কাকন, পরিচালক (বিনোদন ও কল্যাণ) সেরাজুল ইসলাম সিরাজ, সদস্য মোল্লাহ আমজাদ হোসেন, সদরুল হাসান, শাহনাজ বেগম ও মামুন-উর-রশিদ উপস্থিত ছিলেন।




