× Banner
সর্বশেষ
বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৬ জন, মামলা ৫৭ নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার শতবর্ষের চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ সংখ্যালঘু তিন পরিবার ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক
জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক

জেরুজালেমের পরিচয় এবং শহরটির ইসলামি ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোকে ঘিরে ইসরাইলের পদক্ষেপের বিরুদ্ধে অভিন্ন অবস্থান নির্ধারণে জর্ডানে বৈঠক করেছেন আরব ও মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত এ বৈঠকে জেরুজালেমবিষয়ক আরব মন্ত্রীপর্যায়ের কমিটির সদস্যরা, আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত এবং তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন।

বৈঠকে জেরুজালেমের সাম্প্রতিক পরিস্থিতি, আল-আকসা মসজিদসহ ইসলামি ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর অবস্থা এবং ইসরাইলের নীতির বিরুদ্ধে সমন্বিত কূটনৈতিক অবস্থান নিয়ে আলোচনা হয়।

জর্ডানের উদ্বেগ

বৈঠকের উদ্বোধনী বক্তব্যে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেন, জেরুজালেম এখন অভূতপূর্ব হুমকির মুখে। তার অভিযোগ, পূর্ব জেরুজালেমে বসতি স্থাপন, ভূমি দখল, সম্পত্তি বাজেয়াপ্ত, ফিলিস্তিনিদের ওপর বিধিনিষেধ এবং শহরটিকে বাকি ফিলিস্তিনি ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার মাধ্যমে ইসরাইল শহরটির পরিচয় পরিবর্তনের চেষ্টা করছে।

তিনি আরও অভিযোগ করেন, ইসরাইল আল-আকসা মসজিদের ইসলামি পরিচয় ক্ষুণ্ন এবং এর দীর্ঘদিনের ঐতিহাসিক ও আইনগত অবস্থান পরিবর্তনের চেষ্টা করছে। পাশাপাশি ইসলামি ও খ্রিস্টান উপাসনালয়ে ধর্মীয় স্বাধীনতা সীমিত করা হচ্ছে এবং গির্জা ও খ্রিস্টান ধর্মযাজকরাও চাপের মুখে রয়েছেন।

সাফাদির মতে, এসব পদক্ষেপ পশ্চিম তীরে ইসরাইলি দখল আরও শক্তিশালী করা এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে দুর্বল করার বৃহত্তর নীতির অংশ।

মিশর

মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি জেরুজালেমের আরব, ইসলামি ও খ্রিস্টান পরিচয় পরিবর্তনের যেকোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করেন। তিনি শহরটির পবিত্র স্থানগুলোর ওপর জর্ডানের হাশেমি তত্ত্বাবধানের প্রতি কায়রোর সমর্থন পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, অবৈধ বসতি সম্প্রসারণ ও বসতি স্থাপনকারীদের সহিংসতা দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। একই সঙ্গে গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের বিরোধিতা করেন তিনি।

সৌদি আরব

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান গাজায় ইসরাইলের চলমান পদক্ষেপের নিন্দা জানান। তিনি বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি সম্প্রসারণ এবং পবিত্র স্থানগুলোর অবস্থান পরিবর্তনের যেকোনো একতরফা পদক্ষেপ অবৈধ ও অগ্রহণযোগ্য।

তিনি পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে পুনর্ব্যক্ত করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এসব লঙ্ঘন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আলজেরিয়া ও তিউনিসিয়া

আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফ অভিযোগ করেন, ইসরাইল জেরুজালেমকে ‘ইহুদিকরণ’ এবং শহরটির আরব, ইসলামি ও খ্রিস্টান পরিচয় মুছে ফেলার চেষ্টা করছে। তিনি শহরটি রক্ষায় সমন্বিত আরব ও আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগের আহ্বান জানান।

তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আলী নাফতি বলেন, জেরুজালেমের পরিচয় ও পবিত্র স্থানগুলোর সুরক্ষা নিশ্চিত করা সবার যৌথ দায়িত্ব। তিনি বসতি সম্প্রসারণ, জোরপূর্বক উচ্ছেদ এবং শহরটির ঐতিহাসিক, আইনগত ও জনসংখ্যাগত চরিত্র পরিবর্তনের প্রচেষ্টা প্রত্যাখ্যান করেন।

পাকিস্তান

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আল-আকসা মসজিদ প্রাঙ্গণে উগ্র ইসরাইলি বসতি স্থাপনকারীদের প্রবেশের নিন্দা জানান। তিনি বলেন, এসব পদক্ষেপ জেরুজালেমের ধর্মীয় ও ঐতিহাসিক মর্যাদাকে ক্ষুণ্ন করছে এবং বৃহত্তর সংঘাতের ঝুঁকি তৈরি করছে।

তিনি বলেন, অধিকৃত পূর্ব জেরুজালেম বা এর ইসলামি ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর চরিত্র পরিবর্তনের যেকোনো পদক্ষেপ ‘অকার্যকর ও বাতিল’।

ইসহাক দার অবৈধ বসতি সম্প্রসারণ, বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর চলমান নিপীড়ন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি আরব ও মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে জেরুজালেম রক্ষা, বসতি স্থাপন কার্যক্রম প্রত্যাখ্যান, গাজা শান্তি পরিকল্পনা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান।

ইরাক

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন জেরুজালেমে ইসরাইলের পদক্ষেপ, আল-আকসা মসজিদে অনুপ্রবেশ, বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের উচ্ছেদের নিন্দা জানান।

তিনি শহরটির ঐতিহাসিক ও আইনগত মর্যাদা রক্ষায় আরব ও আন্তর্জাতিক পর্যায়ে আরও জোরালো কূটনৈতিক উদ্যোগের আহ্বান জানান এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি ইরাকের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

জেরুজালেমবিষয়ক আরব মন্ত্রীপর্যায়ের কমিটিতে জর্ডান, তিউনিসিয়া, আলজেরিয়া, সৌদি আরব, সোমালিয়া, ইরাক, কাতার, মিসর ও মরক্কো রয়েছে। জেরুজালেমের ইসলামি ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর অভিভাবক হিসেবে জর্ডান এই বৈঠকের আয়োজন করে।

আরব ও মুসলিম দেশগুলোর দাবি, জেরুজালেমে ইসরাইলের চলমান পদক্ষেপ শহরটির পরিচয়, ধর্মীয় ঐতিহ্য এবং দীর্ঘদিনের ঐতিহাসিক অবস্থানকে হুমকির মুখে ফেলছে।


এ ক্যটাগরির আরো খবর..