‘জুলাই বিপ্লবে আহতরা জাতির কৃতি সন্তান, তাদের মনোবল হারানোর কিছু নেই। সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী । জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাবাহিনী তাদের পাশে থাকবে।’
রোববার (২৩ মার্চ) সেনামালঞ্চে জুলাই আহতদের সম্মানে সেনাপ্রধান কর্তৃক আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত ৪২০০ জন জুলাই আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান। এ সহায়তা কার্যক্রম এখনো চলমান আছে বলেও জানান তিনি।
সেনাপ্রধান বলেন, ‘আহতদের আর্থিক সহায়তা দিতে কাজ করছে সেনাবাহিনী। পাশাপাশি ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানও আহতদের সহায়তায় এগিয়ে এসেছেন।’
জুলাই আন্দোলনে আহতদের উদ্দেশে তিনি বলেন, ‘তাদের পুনর্বাসনে সহযোগিতা করা হবে।’
ইফতার ও নৈশভোজে জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীবৃন্দ, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বেসামরিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকরা অংশগ্রহণ করেন।
এছাড়া অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে আহত ৪২১৫ জনকে অদ্যাবধি দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং তার মধ্যে ৯৮৯ জন আহতের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। বর্তমানে ৩৯ জন সিএমএইচ, ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।