জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে সাফল্যের স্বীকৃতী স্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার তুলে দেন গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশন (জিএভিআই)।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ‘ইমিউনাইজেশনের ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের স্বীকৃতি’ শীর্ষক অনুষ্ঠানে শেখ হাসিনাকে এ পুরস্কার দেওয়া হয়। এক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী এই পুরস্কার দেশবাসীর প্রতি উৎসর্গ করেন।
প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার তুলে দেন জিএভিআই বোর্ড সভাপতি ড. এনগোজি অকোনজো ইবিলা ( Dr. Ngozi Okonjo-Iweala )এবং সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেথ ফ্রাংকলিন বার্ক্লে ( Dr. Seth Berkley)। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগদানের জন্য আটদিনের সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৭ সেপ্টেম্বর ইউএনজিএ ৭৪তম বার্ষিক অধিবেশনে তিনি ভাষণ দেবেন।





