বেনাপোলে আতিকুজ্জামান সনির বিরুদ্ধে নানা অভিযোগ, বিএনপি নেতার সংবাদ সম্মেলন

বেনাপোলে আতিকুজ্জামান সনির বিরুদ্ধে নানা অভিযোগ, বিএনপি নেতার সংবাদ সম্মেলন
বেনাপোলে আতিকুজ্জামান সনির বিরুদ্ধে নানা অভিযোগ, বিএনপি নেতার সংবাদ সম্মেলন

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি আতিকুজ্জামান সনির বিরুদ্ধে চাঁদাবাজি, অর্থ আত্মসাৎ, অনিয়ম ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ তুলেছেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত। এসব অভিযোগের বিষয়ে তদন্ত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বেনাপোলের রহমান চেম্বারে অবস্থিত হোটেল সানরুফ ইন্টারন্যাশনালে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আহাদ লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন।

ট্রান্সপোর্ট খাতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

লিখিত বক্তব্যে বলা হয়, আতিকুজ্জামান সনির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ ছড়িয়ে পড়ার পর আবু তাহের ভারত বিষয়টি খতিয়ে দেখেন বলে দাবি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, বেনাপোল পৌর টার্মিনালে সরকার নির্ধারিত ৫০ টাকা প্রবেশ ফির বিপরীতে ট্রাকপ্রতি ১০০ টাকা নেওয়া হচ্ছে। এ ছাড়া নাইট গার্ড, নিরাপত্তা ও কল্যাণ তহবিলের নামে বিভিন্ন অঙ্কের টাকা আদায়ের অভিযোগও তোলা হয়।

বক্তব্যে আরও দাবি করা হয়, ট্রাক শ্রমিক ইউনিয়ন ও বন্দর কর্তৃপক্ষের নাম ব্যবহার করে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। ভারতীয় ট্রাকচালকদের কাছ থেকেও নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া নিরাপত্তাকর্মী ও নাইট গার্ড হিসেবে নিয়োগ দেওয়ার কথা বলে বেকার যুবকদের কাছ থেকে ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ করেছেন কথিত ভুক্তভোগীরা।

সমিতির নির্বাচন ও তহবিল নিয়ে প্রশ্ন

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি পদে থাকা সত্ত্বেও নিয়মিত নির্বাচন আয়োজন করা হয়নি। সমিতির তহবিল ব্যবস্থাপনা এবং বিচার-সালিশের নামে সদস্যদের কাছ থেকে অর্থ নেওয়ার বিষয়েও প্রশ্ন তোলা হয়।

এ ছাড়া বেনাপোলের রেললাইন নির্মাণকাজে বালু ও মাটি ভরাট, পণ্যচালান পাচার, শুল্ক ফাঁকি এবং বিভিন্ন স্থাপনা ও বাজারকেন্দ্রিক অর্থ আদায়ের সঙ্গে সনির সম্পৃক্ততার অভিযোগ করা হয়। তাঁর মালিকানাধীন কাব্য এন্টারপ্রাইজের বিরুদ্ধেও শুল্ক ফাঁকির অভিযোগ তুলে ধরা হয়। এসব অভিযোগের পক্ষে প্রমাণ থাকার দাবি করেন সংবাদ সম্মেলনের আয়োজকেরা।

বেনাপোল পৌর বাস টার্মিনাল ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে থাকা, পেঁচের বাওড় দখল এবং পৌর ট্রাক টার্মিনাল, পৌর টোল ও বাজার থেকে টেন্ডার ছাড়াই অর্থ আদায়ের অভিযোগও বক্তব্যে উল্লেখ করা হয়।

বিএনপির সাংগঠনিক ব্যবস্থা ও প্রশাসনিক পদক্ষেপের দাবি

আবু তাহের ভারতের রাজনৈতিক পরিচয় ও ভূমিকা নিয়ে সনির দেওয়া বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বলে দাবি করেন সংবাদ সম্মেলনের আয়োজকেরা। তাঁদের বক্তব্য, আবু তাহের দীর্ঘদিন ধরে বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত এবং দলের বিভিন্ন কর্মসূচিতে তাঁর সমর্থকদের উপস্থিতি রয়েছে।

বক্তব্যে আরও বলা হয়, আতিকুজ্জামান সনির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য যশোর জেলা ও কেন্দ্রীয় বিএনপির নেতাদের দৃষ্টি আকর্ষণ করা হয়। একই সঙ্গে প্রশাসনের কাছেও অভিযোগগুলো খতিয়ে দেখে আইনানুগ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আয়োজকেরা জানান, সনির বিরুদ্ধে জেলা পর্যায়ের নেতাদের কাছে অভিযোগ জানানো হয়েছে এবং তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে।

সবশেষে সাংবাদিকদের বস্তুনিষ্ঠতার সঙ্গে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানান তাঁরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

মোঃ শহিদুজজামান উজ্জ্বল 

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।