আন্তর্জাতিক ডেস্ক: আগুন জ্বলছে উত্তর ভারতের হরিয়ানায়। নতুন নতুন জায়গায় ছড়িয়ে পড়েছে জাঠদের বিক্ষোভ-আন্দোলন। ইতিমধ্যে সহিংসতায় ১০ জনের প্রাণহানি হয়েছে। জ্বালিয়ে দেয়া হয়েছে সাতটি রেলস্টেশন। ট্রেন বাতিল হয়েছে ৭০০-এর বেশি। হরিয়ানার সঙ্গে দিল্লিসহ বিভিন্ন রাজ্যের সড়কগুলো বন্ধ। ভারতের রাজধানী দিল্লিতে পানির তীব্র সংকটে হাহাকার শুরু হয়েছে। ফলে সোমবার সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে হরিয়ানার বিভিন্ন শহরে কার্ফু জারি করা হলেও বিক্ষোভ দমানো সম্ভব হচ্ছে না।
রবিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জাঠ বিক্ষোভের এমনই চিত্র পাওয়া যায়।
সরকারি চাকরিতে বিশেষ কোটা সংরক্ষণের দাবিতে হরিয়ানার জাঠরা কয়েক দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছে।
বিক্ষোভের মুখে হরিয়ানা সরকার তাদের বিষয়ে আশ্বাস দিলেও বিক্ষোভকারীরা তাতে কান দিচ্ছে না। তাদের দাবি, বিশেষ সংরক্ষণের ব্যবস্থা করে অর্ডিন্যান্স জারি করতে হবে, তারপরই কেবল তারা ঘরে ফিরবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, জাঠ বিক্ষোভে গতকাল শনিবার পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছিল, আর আজ রবিবারের সহিংসতায় আরও ছয়জন মারা গেছে।
দিল্লির উপকণ্ঠে গুরগাঁওতে একটি রেলস্টেশনের টিকিট কাউন্টার জ্বালিয়ে দেওয়া হয়েছে। গুরগাঁওতে কারফিউ জারি ও সেনাবাহিনীর টহলের মধ্যেই চলছে বিক্ষোভ। চলছে অগ্নিসংযোগ।
রোহটাক, ভিওয়ানি, সোনপত, ঝজ্জর, হিসারের মতো হরিয়ানার প্রায় সব বড় শহরেই কারফিউ জারি আছে। পুরো রাজ্যে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত, বহু জায়গায় বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিয়েছেন। অন্তত সাতটি রেলস্টেশন জ্বালিয়ে দেয়া হয়েছে। হরিয়ানাতে এই বিক্ষোভ শুরু হওয়ার পর মোট সাত শর বেশি ট্রেন বাতিল করা হয়েছে।
হরিয়ানারি ভিওয়ানিতে একটি ব্যাংকের এটিএম মেশিনেও আগুন ধরিয়ে দিয়েছে জাঠ বিক্ষোভকারীরা।
প্রতিবাদ ছড়িয়ে পড়েছে খোদ রাজধানী দিল্লিতেও। দিল্লি থেকে যে রাস্তাটি হরিয়ানার বাহাদুরগড়ের দিকে যায়, রাজধানীর জাঠরা সকাল থেকে সেটির ওপর বসে পড়ে অবরোধ শুরু করেছে।
এ ছাড়া দেশের ১ নম্বর ন্যাশনাল হাইওয়ে, যে জাতীয় সড়কটি দিল্লিকে হরিয়ানা-পাঞ্জাব-হিমাচল প্রদেশ-জ্ম্মু ও কাশ্মীরের সঙ্গে যুক্ত করে, সেটিতে গতকাল থেকে শুরু হওয়া অবরোধ এখনো চলছে।
এদিকে হরিয়ানা থেকে যে মুনাক ক্যানাল রাজধানী দিল্লিতে পানি সরবরাহ করে থাকে, বিক্ষোভকারীরা সেখানে গতকাল সরঞ্জাম ভাঙচুর করার পর সেই সরবরাহ বন্ধ হয়ে গেছে, দিল্লিতে শুরু হয়েছে পানির জন্য হাহাকার। দিল্লি সরকার ইতিমধ্যে শহরের নানা প্রান্তে জলের রেশনিং শুরু করেছে। রবিবার বিকেল থেকে শহরের নানা জায়গায় পানি সরবরাহ বন্ধ করে দিতে হবে বলেও সতর্কতা জারি করা হয়েছে।
পানি সংকটের কারণে দিল্লিতে আগামীকাল সোমবার সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
হরিয়ানা সরকার বিক্ষোভকারীদের সংযত হতে বারবার আবেদন জানালেও জাঠ নেতারা বলছেন, তাদের জন্য বিশেষ সংরক্ষণের ব্যবস্থা করে অর্ডিন্যান্স চালু না-করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।