ক্রীড়া ডেস্ক : রাফায়েল নাদাল শিরোপা দিয়েই নতুন বছরটি শুরু করেছেন। আবু ধাবিতে মুবাদালা ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশীপে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। প্রতিযোগিতায় সেরা হওয়ার দৌড়ে কানাডিয়ান তারকা মাইলস রাওনিককে ৭-৬,৬-৩ সেটে হারিয়েছেন পুরুষ এককে পঞ্চম বাছাইয়ের এই তারকা।
২০১৬ সালের এটিপি মৌসুমটি কাতার এক্সনমোবিল ওপেন দিয়ে শুরু করবেন নাদাল। গুরুত্বপূর্ণ ওই লড়াইয়ের আগে এই শিরোপা জয়ে বেশ ফুরফুরে থাকতে পারেন এই স্প্যানিশ তারকা। কাতারের দোহায় এই টুর্নামেন্টে বর্তমান নাম্বারও ওয়ান তারকা নোভাক জকোভিচের সঙ্গে ফাইনালে দেখা হতে পারে তার।
ক্লে কোর্টে টেনিস ইতিহাসের অন্যতম সেরা একজন খেলোয়াড় মনে করা হয় নাদালকে। তাই তাকে ‘দ্য কিং অফ ক্লে’ নামেও ডাকা হয়। নিজের বর্নিল ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৪টি গ্র্যান্ড স্লাম জিতেছেন নাদাল। ২০০৮ অলিম্পিকে পুরুষ এককে গোল্ড মেডেল শিরোপাও জেতেন প্রাক্তন নাম্বার ওয়ান এই তারকা।