ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘খুব ভালোভাবেই এগোচ্ছে’ এবং দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অস্ত্র ও গোলাবারুদের কোনও ঘাটতি নেই। তবে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, বিশ্ববাজার ও যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমার মনে হয়, ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে’। তিনি আরও বলেন, ‘আমার মনে হয় না তারা আর খুব বেশি দিন এটি চালিয়ে যেতে পারবে।’
বর্তমানে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে। উভয় পক্ষ এমন একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে, যার মাধ্যমে হরমুজ প্রণালি দিয়ে উভয়ের কাছে গ্রহণযোগ্য একটি নৌপথ আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হবে। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বাড়বে।
তবে ইরান বারবার স্পষ্ট করে বলেছে, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনও সরাসরি আলোচনা বর্তমানে চলছে না।
এদিকে ট্রাম্প আরও দাবি করেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘খুব ভালোভাবেই এগোচ্ছে’। একই সঙ্গে তিনি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের প্রতি পূর্ণ সমর্থনও ব্যক্ত করেছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের কাজে তিনি ‘অত্যন্ত সন্তুষ্ট’। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ ও গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ‘সবকিছুই অসাধারণ হয়েছে।’
এরপর ইরানের প্রসঙ্গে তিনি বলেন, ‘ইরানকে এমনভাবে দুর্বল করে দেয়া হয়েছে যাতে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। সেখানে (ইরানে) সবকিছু খুব ভালোভাবেই এগোচ্ছে।’
এদিকে ওয়াশিংটন থেকে আল জাজিরার প্রতিবেদক রোজিল্যান্ড জর্ডান জানিয়েছেন, ট্রাম্প যুদ্ধ দ্রুত শেষ হওয়ার কথা বললেও ইরান-ওমানের চলমান আলোচনা নিয়ে তিনি খুব সতর্ক রয়েছেন। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করতে চলা আলোচনা সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি।
ট্রাম্প আরও বলেন, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সংবাদমাধ্যমে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অস্ত্র ও গোলাবারুদের ঘাটতির যে খবর প্রকাশিত হয়েছে, তা সত্ত্বেও দেশটির প্রতিরক্ষা সক্ষমতায় কোনও সংকট নেই।
প্রতিবেদন অনুযায়ী, প্যাট্রিয়ট, টমাহক ও সাইডউইন্ডার ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে সাধারণ গোলাবারুদের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে ট্রাম্পের দাবি, এসব অস্ত্রের উৎপাদন দ্রুত বাড়ানো হচ্ছে।
এ উৎপাদনের অর্থায়ন কংগ্রেসকে করতে হবে এবং সামরিক অভিযানের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অস্ত্রের কোনও ঘাটতি যুক্তরাষ্ট্রের নেই বলেও দাবি করেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট।