চট্টগ্রাম প্রতিনিধি(রাজিব শর্মা)ঃ চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার ফিশারিঘাট এলাকায় টর্ণেডোর আঘাতে একটি ঘর উড়ে গিয়ে পথচারীদের উপর পড়লে এর নীচে চাপা পড়ে একজন বেসরকারী ব্যাংক কর্মচারী নিহত ও ২ জন আহত হয়েছেন।নিহত রাসেল দে (৩৩) চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকার রণজিৎ দের পুত্র।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে নগরীতে প্রচন্ড ঝড়ো হাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে দি নিউজকে জানায় ফায়ার সার্ভিস।
নগরীর আগ্রাবাদস্থ ফায়ার সার্ভিস কর্মকর্তা সরোয়ার জাহান দি নিউজকে বলেন বেলা ১১টার দিকে হাল্কা টর্ণোড়ো বয়ে যায় ফিশারিঘাট এলাকায়। এসময় একটি টিনের ঘর উড়ে গিয়ে পথচারীদের উপর পড়ে। এর নীচে চাপাপড়ে ৩ জন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লামা বাজার ও নন্দনকানন থেকে দুটি টিম গিয়ে উদ্ধার কাজ চালায়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন জানান, টর্ণেডোর আঘাতে ঘর চাপাপড়ে আহত ৩ জনকে হাসপাতালে আনার পর রাসেলকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ২ জন চিকিৎসাধীন আছেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, এক মিনিটের মতো স্থায়ী একটি ঝোড়ো বাতাসে টিনের চালসহ বিভিন্ন স্থাপনা উড়ে যায়। এ সময় রাসেল দেসহ তিনজন আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাসেল দেকে মৃত ঘোষণা করেন।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মেঘনাদ তংচংগ্যা দি নিউজকে ফোনালাপে বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম বিভাগে ভারি বর্ষণ হচ্ছে। ঘূর্ণিঝড় বা টর্নেডোর কোনো তথ্য নেই। ঝড়ো বাতাসের কারণে ঘর উপড়ে এ ধরনের ঘটনা ঘটতে পারে।