রাজধানীর দক্ষিণখানে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করার কারনে আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট চৈতি গার্মেন্টসের তিন শ্রমিককে ফোনে কারখানার বাইরে ডেকে মারধর করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই তিন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণখান থানাধীন চৈতি গার্মেন্টস সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মালিক পক্ষের ভাড়াটে বহিরাগত সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ আহত শ্রমিকদের।
এ ঘটনায় আহতরা হলেন, চৈতি গার্মেন্টসের কোয়ালিটি ইন্সপেক্টর কামরুল হাসান (৩২), ফিনিশিং আয়রনম্যান সবুজ মিয়া (২৮) ও বাচ্চু মিয়া (৩২)। আহতদের প্রথমে উদ্ধার করে দক্ষিণখানের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে আবার উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত শ্রমিক সবুজ মিয়া জানান, ‘গত (রোববার) শ্রমিকদের বেতন শতকরা ৮% বৃদ্ধির দাবিতে চৈতি গার্মেন্টসের প্রায় দুই হাজার শ্রমিক কাজ বন্ধ রেখে আন্দোলন করে। সেখানে গার্মেন্টসের মালিক পক্ষের শ্রমিকেরা নারী শ্রমিকদের গায়ে হাত দেয়, সেই সঙ্গে তাদেরকে গালমন্দ করে। পরে তারা প্রতিবাদ করেন।’
আহত শ্রমিক কামরুল হাসান বলেন, ‘সোমবার ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল। মালিক পক্ষের শ্রমিক ১১ জন কাজে যোগদান করে নাই। পরে মেহেদী হাসান নামে এক বহিরাগত আমাদের ফোন দিয়ে গার্মেন্টসের সামনের মার্কেটের কাছে ডেকে নেয়। সেখান থেকে হাজীপাড়ার ১০ / ১২ জন আমাদের তিনজনকে জোরপূর্বক আওয়ামী লীগ নেতা বকুলের ক্লাবে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। জোর করে ধরে নিয়ে যাওয়ার একপর্যায়ে হাজী বিল্লাত আলী স্কুলের পাশে যাওয়া মাত্রই ১০ / ১২ জন লাঠিসোঁটা, রড নিয়ে আমাদের ওপর হামলা করে।’
অপরদিকে চৈতি গার্মেন্টসের শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল বলেন, ‘১০ / ১২ জন শ্রমিক এমডি নিজে ঢুকাইছে। তারা ঠিকমতো কাজ করে না। এ ছাড়াও তারা আমাদের শ্রমিকদের সঙ্গে মারামারি করে। সোমবার তারা কাজে না এসে শ্রমিকদের ওপর হামলা করে। এতে বহিরাগত লোকজনও ছিল।’
আহত শ্রমিকদের সঙ্গে হাসপাতালে আসা শ্রমিকেরা জানান, ‘হামলার নেতৃত্ব দেন ম্যানেজমেন্টের মোশারফ (৩০), শাহনাজ আক্তার বেলি (৪০), সাধারণ শ্রমিক আরিফ (৩০) ও মাসুদ (২৯)।’
এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন খান বলেন, ‘শ্রমিকদের ওপর হামলার বিষয়টি শুনেছি। আহত শ্রমিকেরা হাসপাতালে রয়েছে।’
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের বৃহত্তর উত্তরা আঞ্চলিক কমিটির সভাপতি জয়নাল আবেদীন আহতদের হাসপাতালে দেখতে যান। এসময় তিনি এঘটনার তীব্র নিন্দা জানান। এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।