বিশেষ প্রতিবেদকঃ সরকার খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে যথেষ্ট মানবিক। তাঁকে শাস্তি দিয়েছেন আদালত, এতে সরকারের কিছু করার ছিল না। তাঁকে মুক্তি দিতে পারেন আদালত।
তাই বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির জন্য নির্বাচনী ট্রেন থেমে থাকবে না। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার দুপুরে তাঁর নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে। তারা দলের গঠনতন্ত্রের ৭ ধারা বাতিলের মাধ্যমে আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, বাংলাদেশে ’৭৫–পরবর্তী যত সরকার ক্ষমতায় এসেছে, এর মধ্যে সবচেয়ে সেরা সরকার শেখ হাসিনার সরকার। শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে উন্নয়ন হয়। বিদেশেও দেশের সুনাম বাড়ে।



