খাত ভিত্তিক মহাপরিকল্পনা নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিতে সহযোগিতা করবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী

খাত ভিত্তিক মহাপরিকল্পনা নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিতে সহযোগিতা করবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ৩১ আশ্বিন (১৬ অক্টোবর): বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নগরায়নের সাথে সাথে খাতভিত্তিক মহাপরিকল্পনা নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করতে সহযোগিতা করবে। বিতরণ ও সঞ্চালন খাতে ধারাবাহিকভাবে আধুনিক প্রযুক্তি সংযুক্ত করা হচ্ছে। আগামী দিনের চাহিদার সাথে সমন্বয় করে মানব সম্পদ উন্নয়নকেও বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী আজ অনলাইনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনএর যন্ত্রকৌশল বিভাগ আয়োজিত Energy Security of Bangladesh: Issues & Options শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, তেল চালিত যানবাহনের ইঞ্জিনের দক্ষতা ২০% আর বিদ্যুৎ চালিত যানবাহনের ইঞ্জিনের দক্ষতা ৮০%। তাই বিদ্যুৎ চালিত যানবাহনের ব্যবহার বাড়ানোর জন্য নীতিগত সমর্থন প্রয়োজন। বিদ্যুৎ বিভাগ প্রয়োজনীয় চার্জিং স্টেশন করে দিবে। অবকাঠামোগত উন্নয়নের সাথে সাথে বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা ব্যাপক হারে বেড়ে যাচ্ছে। উন্নয়ন যত পরিকল্পিতভাবে হবে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ তত টেকসই হবে। এ সময় তিনি নবায়নযোগ্য জ্বালানি, নেট মিটারিং সিস্টেম, মাইক্রো ও ম্যাক্রো লেভেলের তথ্য, অটোমেশন, বিনিয়োগ এবং করোনা মাহামারি পরবর্তী জ্বালানি চাহিদা নিয়ে আলোচনা করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম তামিম। তিনি জ্বালানি খাতের পরিকল্পনা ও তার বাস্তবায়ন, আগামী দিনের চাহিদা, আধুনিক প্রযুক্তি, বিশেষ আইন, গ্যাস ও এলএনজির ব্যবহার, মানব সম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিস্থাপকতা নিয়ে তাঁর প্রবন্ধে আলোকপাত করেন।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনএর যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল এই সেমিনারে অন্যান্যের মাঝে পাওয়ার সেলের মহাপরিচালক ও আইইবির ভাইস প্রেসিডেন্ট ( একাডেমিক ও আন্তর্জাতিক) ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, জিটিসিএলএর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আতি্কুজ্জামান, আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ নূরুল হুদা ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর প্রমুখ বক্তব্য রাখেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।