ঝিনাইদহ প্রতিনিধি॥ ২০ সেপ্টেম্বর’২০১৭ঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সাথে কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের এক মতবিনিময় হয়েছে।
বুধবার সকালে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে তিনি বলেন, সংবাদপত্র দেশের দর্পণ। পত্র পত্রিকার মাধ্যমে আমরা বিভিন্ন খবর জানতে পারি। তিনি নিজেও প্রতিদিন সকালে বিভিন্ন পত্র-পত্রিকা পড়ে স্থানীয় অনেক খবরা খবর রাখেন। এছাড়া সংবাদপত্র দেশ ও জনগনের জন্য বড় ধরনের ভুমিকা রাখে বলে মন্তব্য করেন।
তিনি আরো বলেন, আপনারা বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশ করলে সবাই উপকৃত হবে। দেশ ও জাতির উন্নয়ন হবে। কিন্তু সংবাদপত্র ভুল করলে দেশের বড় ধরনের ক্ষতি হয়। যেটা পূরণ করা কোনভাবে সম্ভব নয়। তিনি আরো জানান, আপনারা বিভিন্ন সমস্যা ও দুর্নীতির চিত্র পত্র-পত্রিকায় তুলে ধরেন। সেটা প্রশাসন যখন ব্যবস্থা নেয় এবং সমাধান করে সেই বিষয়টিও আপনারা তুলে ধরবেন। এছাড়া তিনি নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দদের শুভেচ্ছা জানান।
মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান জাকির, সাধারণ সম্পাদক নয়ন খন্দকার, সহ-সাধারণ সম্পাদক হাবিব ওসমান, সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার, অফিস সম্পাদক ফিরোজ আহম্মেদ, প্রচার সম্পাদক আরিফ মোল্ল্যা, কোষাধ্যক্ষ বেলাল হুসাইন বিজয়, কার্যকরী সদস্য কালাম গাজী ও এম এ লিতু প্রমুখ।