ঝিনাইদহ প্রতিনিধি ২৪ মে’২০১৮: ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের সাথে গোলাগুলিতে শামীম নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সে উপজেলার আড়পাড়া গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (২৪ মে) রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে কালীগঞ্জ উপজেলার ওয়াপদা নামক স্থানে গোলাগুলিতে শামীম নিহত হয়। সে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার নামে থানায় ৯ টি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১ টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৪৮০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। ঘটনার সময় পুলিশের একজন এসআই, একজন এএসআই, দুই জন কনস্টেবলসহ মোট ৪ সদস্য আহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান।
তিনি জানান, কালীগঞ্জ পৌর এলাকার ওয়াপদা রোডের একটি পরিত্যাক্ত বিল্ডিংয়ের মধ্যে মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযানে নামে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫/৬ মাদক ব্যবসায়ী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গুলি বিনিময়ের পর অন্যান মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডাক্তার মাহফুজুল আলম সোহাগ তাকে মৃত ঘোষণা করেন। পরে তার নাম শামীম বলে পুলিশ জানতে পারে। গোলাগুলির সময় কালীগঞ্জ থানার এসআই অমিত দাস, এএসআই শামীম হোসেন, পুলিশ কনস্টেবল নাজিম উদ্দীন, রতন নামের ৪ জন আহত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ওসি আরো জানান, শামীম পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার নামে থানায় মাদকদ্রব্য আইনে ৯ টি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১ টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৪৮০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
উল্লেখ্য গত ২০ মে দিবাগত রাত ২ টার দিকে র্যাবের সাথে গোলাগুলিতে জেলার কালীগঞ্জ উপজেলার নরেন্দপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মাদক ব্যবসায়ী সব্দুল ইসলাম ওরফে সব্দুল মন্ডল নিহত হয়। এ ঘটনার ৪ দিন পর একই উপজেলার পৌর এলাকার ওয়াপদা নামক স্থানে পুলিশের সাথে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী শামীম নিহত হয়।


