ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতসোমবার রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিক রেজা (৪৫) মহেশপুর ভূমি অফিসের অফিস সহকারী হিসাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন একই অফিসের নায়েব নুরুজ্জামান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮ টার দিকে মোটরসাইকেল যোগে মহেশপুর থেকে কালীগঞ্জ শহরের দিকে ফিরছিলেন রফিক রেজা ও তার সহকর্মী নুরুজ্জামান। পথিমধ্যে পাতিবিলা বটতলা নামক স্থানে পৌঁছালে রাস্থার উপর রাখা বালুর স্তুপে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় মোটরসাইকেলটি। এ সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক ঢাকা মেট্রো-ট ২৪-০৪৩৬ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রফিক রেজা নিহত হন।
এসময় স্থানীয়রা এসে গুরুত্বর আহত অবস্থায় মোটরসাইকেল চালক নুরুজ্জামানকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে যশোরে জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ক্যটাগরির আরো খবর..