বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর ঢাকা, সলিমুল্লাহ ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকদের চলমান কর্মবিরতি প্রত্যাহার করেছে।
আজ সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে বৈঠক শেষে তারা এই কর্মবিরতি প্রত্যাহার করেন। মন্ত্রীর ধানমন্ডিস্থ বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ উপস্থিত ছিলেন।
বৈঠকে ইন্টার্নী চিকিৎসকদের প্রতিনিধিগণ সার্বিক পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে শিক্ষানবীশ চিকিৎসক হিসাবে মন্ত্রীর কাছে অভিভাবকসম ক্ষমাসুন্দর দৃষ্টি কামনা করেন। ভবিষ্যতে এ ধরনের অনভিপ্রেত ঘটনা যেন না ঘটে সেদিকে সতর্ক থাকার প্রতিশ্রুতিও দেন তাঁরা।
মন্ত্রী চিকিৎসকদের সবার কথা মনোযোগ দিয়ে শোনেন। এসময় তিনি জনগণ বিশেষ করে সাধারণ রোগীদের ভোগান্তি বন্ধ করতে চলমান সংকট দ্রুত নিরসনের লক্ষ্যে সকল পক্ষকে ধৈর্য্যশীল হবার আহ্বান জানিয়ে বগুড়ার শজিমেক হাসপতালের চার চিকিৎসকের সাজার আদেশ প্রত্যাহারের আশ^াস দেন। মন্ত্রীর আশ^াসের প্রেক্ষিতে ইন্টার্নি চিকিৎসকরা তাঁদের কর্মবিরতি প্রত্যাহার করে নেন।
এদিকে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের বেদখলকৃত জমি পুনরুদ্ধার প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করা যায় তা সুপারিশ আকারে পেশ করার জন্যে স্বাস্থ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠনের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। আজ সোমবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে মহাখালীতে অবৈধ দখল উচ্ছেদ সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এই নির্দেশ দেন তিনি।
সভায় মহাখালীতে একটি এক হাজার শয্যা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল, অটিজম ইনস্টিটিউটসহ কয়েকটি নতুন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে তোলার কাজ দ্রুততম সময়ের মধ্যে শুরু করতে সকল অবৈধ-দখল উচ্ছেদে সহায়তা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার, পূর্ত এবং বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সহায়তা কামনা করেন।
দীর্ঘ কয়েক দশক যাবত অবৈধ দখলে থাকা জমি উচ্ছেদের লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য, ওয়ার্ড কাউন্সিলরসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে সম্পৃক্ত করার জন্যেও মন্ত্রী এসময় নির্দেশ দেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব মোঃ সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ র্যাব, পুলিশ, স্বাস্থ্য, স্থানীয় সরকার, পূর্ত এবং বিদ্যুৎ ও জ¦ালানী মন্ত্রণালয়ের ঊদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
