আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটনে প্যারিসের কায়দায় হামলার হুমকি দিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সেইসঙ্গে সিরিয়া-ইরাকে জঙ্গি দমনে বিমান হামলা করা দেশগুলোকেও ফ্রান্সের ভাগ্যবরণে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছে তারা।
সোমবার (১৬ নভেম্বর) এক ভিডিও বার্তায় এ হুমকি দেয় আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীটি। ভিডিও বার্তাটি আইএসের ব্যবহৃত ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ওই ওয়েবসাইটের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
ভিডিও বার্তায় প্রথমে প্যারিসে হামলা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনের ফুটেজ দেখানো হয়। এরপর কথা বলেন আইএস যোদ্ধাদের পোশাক ও পাগড়ি পরিহিত ‘আল গারিব দ্য আলজেরিয়ান’ ছদ্মনামী এক ব্যক্তি।
তিনি বলেন, ‘যেসব দেশ আমাদের আক্রমণে নেমেছো, তাদের বলতে চাই, খোদা চাইলে, তোমাদেরও ভাগ্যে ফ্রান্সের মতো একটি দিন আসবে। খোদার ইচ্ছায় আমরা যেমন প্যারিসের প্রাণকেন্দ্রে আঘাত করেছি, তেমনি শপথ করছি, খোদার ইচ্ছায়ই আমেরিকার প্রাণকেন্দ্র ওয়াশিংটনে আঘাত করবো।’
ভিডিও বার্তায় ইউরোপে আরও বেশি হামলার হুমকি দিয়ে ওই ব্যক্তি বলেন, ‘ইউরোপের দেশগুলোকে আমরা বলতে চাই, আমরা আসছি, আরও পরিকল্পনা করে বিস্ফোরক আর আগ্নেয়াস্ত্র নিয়ে নিয়ে। এখন তোমরা আমাদের স্তব্ধ করে দিতে পারবে না, কারণ আমরা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।’
আইএসের এ ভিডিও বার্তার বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় দেশগুলোর কারও মন্তব্য পাওয়া যায়নি।
১৩ নভেম্বর রাতে প্যারিসের বিভিন্ন এলাকায় হামলা চালায় আইএসের সন্ত্রাসীরা। এসব ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩২ জন নিহত হয়েছে। এছাড়া, আহত হয়েছে ৩৬২ জন। এদের মধ্যে ৯৯ জনের অবস্থা গুরুতর।