ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আগামীকাল (শুক্রবার, ২২ মার্চ ২০১৯) তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য ইসলামিক সম্মেলন সংস্থা (ওআইসি)-এর এক্সিকিউটিভ কমিটির মন্ত্রী পর্যায়ে ওপেন এন্ডেড সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের দলনেতা হিসেবে অংশগ্রহণের জন্য আজ সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
ওআইসি’র শীর্ষ সম্মেলন এবং নির্বাহী কমিটির বর্তমান চেয়ার তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যিপ এরদোগান গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর ও লিনউড মসজিদে সংঘটিত সন্ত্রাসী হামলার নিন্দা জানানো এবং সেখানে বসবাসরত মুসলিমদের সাথে একাত্মতা ও সংহতি প্রকাশের জন্য এই জরুরি সভা আহ্বান করেছেন।
এছাড়াও, বর্তমান বিশ্বের কোন কোন দেশের একটি অংশের মধ্যে ক্রমবর্ধমান ‘ইসলামোফোবিয়া’ (ইসলাম ভীতি) এবং মুসলিম অনাবাসী এবং অভিবাসীদের প্রতি ‘জেনোফোবিয়া’ (বিদেশী লোক বা বিদেশী কোনো কিছু সম্বন্ধে ভয়) বিষয়ে ওআইসি সদস্যভুক্ত দেশের করনীয় সম্পর্কেও পর্যালোচনা করা হবে।
ভূমিমন্ত্রীর সঙ্গে আরও থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা উইং এর মহাপরিচালক এএফএম গাউসুল আজম সরকার। প্রতিনিধি দলে আরও যোগ দেবেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের উপ–মিশন প্রধান এবং ওআইসিতে বাংলাদেশের উপ–স্থায়ী প্রতিনিধি ড. মো. নজরুল ইসলাম এবং ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম।
ইন্দোনেশিয়া, ইরান , কাতার সহ ওআইসিভুক্ত ২০ টির বেশী দেশের পররাষ্ট্র মন্ত্রী কিংবা বিশেষ প্রতিনিধি জরুরী এ বৈঠকে অংশগ্রহণের কথা নিশ্চিত করেছেন। তুরস্কের রাষ্ট্রপতির বিশেষ আমন্ত্রণে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটারের ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য এ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী অন্য একটি সরকারি সফরে দেশের বাহিরে থাকায় তাৎক্ষণিক ভাবে আহ্বান করা মন্ত্রী পর্যায়ের এই গুরুত্বপূর্ণ সভায় ভুমিমন্ত্রী পূর্ণ মন্ত্রী হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।




