জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের কানাকড়িও মূল্য নেই। ঐক্যফ্রন্ট কোনো বিষয় না। ঐক্যফ্রন্ট জাস্ট অ্যালায়েন্সের একটা ফেইস। বিএনপির নেত্রী এবং তাদের নেতা যেহেতু দণ্ডিত আসামি। এ অবস্থায় তারা ড. কামাল হোসেন সাহেবকে ব্যবহার করছে। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে আয়োজিত এক সেমিনার শেষে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের আরো বলেন, আরও কিছু কিছু মুখ নিয়ে এসেছে কিন্তু ঐক্যফ্রন্টের চালিকা শক্তি হচ্ছে বিএনপি এবং ঐক্যফন্টের সকল কর্মকাণ্ডের নির্দেশনা আসছে লন্ডন থেকে। ড. কামাল হোসেন ও আরও কিছু নেতাদের তারা শুধু ব্যবহার করছে।
ওবায়দুল কাদের বলেন, লন্ডন থেকে তারেক রহমান নির্দেশনা দিচ্ছেন, তার অঙ্গুলি হেলনে ঐক্যফ্রন্ট চলছে। এটা বাস্তবতা। এখানে ঐক্যফ্রন্ট ড. কামাল হোসেন সাহেবদের বা অন্যান্য পলিটিক্যাল শরিকরা তাদের চেহারা দিনে দিনে আরও পরিষ্কার হবে। এখানে তাদের কানাকড়িও দাম নেই। এটা পরিষ্কার হয়ে যাবে। তাদের শুধু ব্যবহার করা হচ্ছে।
তিনি বলেন, যেহেতু তাদের নেতৃত্ব দণ্ডিত, তাদের নেতৃত্বের বিরুদ্ধে সন্ত্রাস-দুর্নীতি অভিযোগ আছে। তাই কামাল হোসেন সাহেবসহ আরও কিছু নেতার নাম ব্যবহার করছে এটাই বাস্তবতা। তারা আত্মস্বীকৃত দুর্নীতির দল, তারা দলের গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাদ দিয়ে প্রমাণ করেছে বিএনপি একটি দণ্ডিত সন্ত্রাসীর দল।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলাম বিএনপির অ্যালায়েন্সে আসবে বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি তাদের এই জানের জান দোস্তকে কখনই হারাতে চাইবে না। কখনও তাদের এই বন্ধুত্বে ফাটল ধরবে না। তাদের (বিএনপি) এখন এমন অবস্থা যে, জামায়াতের শক্তির ওপর নির্ভর করছে।
তিনি বলেন, তারা মনে করছে আওয়ামী লীগকে ঠেকাতে জামায়াতের জঙ্গি শক্তি দরকার। এজন্য জামায়াতকে তারা ছাড়বে না। বিএনপি ক্রমেই নেতিবাচক রাজনীতির জন্য শক্তিহীন হয়ে পড়ছে। কাজেই এই শক্তিটা প্রদর্শনের জন্য তাদের জামায়াতের দরকার।




