বিশেষ প্রতিবেদকঃ চলতি বছরের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মেধাতালিকার ভিত্তিতে সরকারি ৩১টি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ৩ হাজার ৩১৮ পরীক্ষার্থী। অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে ৫০০ জনকে।
১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০ দশমিক ৫ ও সর্বনিম্ন ৭০ দশমিক ৫।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ফলাফল প্রকাশের এ তথ্য নিশ্চিত করেন।
মহাপরিচালক জানান, এবার মুক্তিযোদ্ধা কোটায় ৬৭ ও পশ্চাৎপদ জনগোষ্ঠী কোটায় রয়েছে ২০টি আসন রয়েছে। গত ৬ই অক্টোবর শুক্রবার সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের (২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ) এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীসহ সারাদেশে ২০টি সরকারি মেডিকেল কলেজের ৩৪টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চলতি বছর ভর্তি পরীক্ষায় আবেদনকারী ৮২ হাজার ৮৫৬ জনের মধ্যে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৮০ হাজার ৮১৮ জন।
ডা. আবুল কালাম আজাদ জানান, ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে নেয়া পরীক্ষায় পাস নম্বর ছিল ৪০। জাতীয় মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল স্বল্পতম সময়ে পৌঁছে যাবে।
এছাড়া স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট থেকে ফল জানা যাবে।