× Banner
সর্বশেষ
ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু

এবার জানা গেল বাণিজ্য মেলার স্টার কাবাবও নকল

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: হাজির বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্টের মতো স্টার কাবাবও নকল। বাণিজ্য মেলার স্টার কাবাব প্রকৃত স্টার কাবাব নয় বলে জানা গেছে।

বাণিজ্য মেলায় অবস্থিত স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে গিয়ে দেখা যায়, প্যাভিলিয়নের সামনে দাঁড়িয়ে দু-তিনজন লোক ডাকাডাকি করছেন ক্রেতাদের। ‘আসেন ভাই, পুরান ঢাকার স্টার কাবাব, আসেন ভাই এই কাবাবের সঙ্গে আছে বিরিয়ানি ও তেহেরি।’ এভাবেই ডেকে বাণিজ্য মেলায় ক্রেতা আকর্ষণের চেষ্টা করছেন তারা।

তাদের ডাকে সাড়া দিয়ে মেলায় আগত দর্শনার্থীরা যাচ্ছেন তাদের প্যাভিলিয়নে। তবে এই নকল স্টার কাবাবের খাবার খেয়ে কতটুকু তৃপ্তি পাচ্ছেন তা জানালেন বেসরকারি কোম্পানির কর্মকর্তা ফয়সাল আহমেদ।

তিনি বলেন, ‘এর আগে কারওয়ান বাজারের স্টার কাবাব থেকে অনেকবার খেয়েছি। কিন্তু খাবারের মান তেমন ভালো মনে হয়নি।’

মেলায় অবস্থিত স্টার কাবাবের হিসাব বিভাগে বসা আরিফুল ইসলাম বলেন, স্টার কাবাবের নাম যে কেউ লাগাতে পারে। কারণ এটির পরিচিতি ভালো। এ ছাড়া আমরা শুধু স্টার কাবাব লিখিনি। সঙ্গে ‘খাওয়া-দাওয়া রেস্টুরেন্ট’ লেখা আছে। শুরু থেকেই মেলা কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এই প্যাভিলিয়ন নেওয়া হয়েছে। অবৈধ হলে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) অনুমোদন দিত না।’

প্যাভিলিয়নের সামনে টানানো সাইনবোর্ডের কাছে গেলে স্টার কাবাবের সঙ্গে খুব ছোট করে ইংরেজিতে ‘খাওয়া-দাওয়া অ্যান্ড রেস্টুরেন্ট’ লেখাটি দেখা যায়। কিন্তু ১০ হাত দূরে গেলে এটি কারো চোখে পড়বে না।

এ বিষয়ে মেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অস্থায়ী কার্যালয়ে গেলে সেখানে কর্তব্যরত সমন্বয়ক ইফতেখার আলম রিজভী বলেন, এখানে আসলে হাজির বিরিয়ানি বা স্টার কাবাব নামে যারা প্যাভিলিয়ন দিয়েছেন, এর একটাও প্রকৃত হাজির বিরিয়ানি বা স্টার কাবাব নয়।

এদিকে কারওয়ান বাজারে অবস্থিত স্টার কাবাবের প্রকৃত রেস্টুরেন্টে গেলে সেখানকার ব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম বলেন, ‘বাণিজ্য মেলায় আমাদের কোনো স্টল বা প্যাভিলিয়ন নেই। সেটা আমাদের ওয়েবসাইট ও ঢাকার বিভিন্ন জায়গায় অবস্থিত শাখার সামনে লাগিয়ে দিয়েছি যে, “ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আমাদের কোনো স্টল নেই”।’

ওই রেস্টুরেন্টের মূল মালিক মীর আক্তার উদ্দীন বলে জানা গেছে।এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শহীদুল ইসলাম।

তিনি বলেন, ‘বাণিজ্য মেলায় আমাদের নাম করে যে প্যাভিলিয়ন দিয়েছে এতে করে আমাদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। অনেকে আমাদের এখানে এসে অভিযোগও করেন যে বাণিজ্য মেলায় স্টার কাবাব থেকে খেয়ে আসলাম। তবে এখানকার মতো স্বাদ পাইনি।’

বাণিজ্য মেলায় একদিকে ভালো রেস্টুরেন্টের নাম নকল করেছে। অন্যদিকে দামও অনেক বেশি। মেলায় অবস্থিত স্টার কাবাব থেকে বের হয়ে একটু দূরে গিয়েই দেখা গেল ১০-১২ জন লোক একসঙ্গে খাবার খাচ্ছেন। তাদের একজন এক্সিম ব্যাংকের কর্মকর্তা জামিল। তিনি স্ত্রী ও ছোট ভাই-বোনকে নিয়ে মেলায় এসেছেন।

মেলায় খাবারের এত প্যাভিলিয়ন থাকতেও বাসার খাবার কেন খাচ্ছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানকার খাবারের মান তেমন ভালো না। পাশাপাশি দামও অনেক বেশি। তাই বাসার খাবার খেতেই স্বাচ্ছন্দ্যবোধ করি।’

এদিকে মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রতিটি খাবার স্টল-প্যাভিলিয়নকে যে নির্দেশনা দিয়েছে, তাও মানা হচ্ছে না বলে দেখা গেছে। ইপিবির নির্দেশনা অনুযায়ী প্রত্যেক স্টল-প্যাভিলিয়নের সামনে ও টেবিলে খাবারের মেন্যুর সঙ্গে ইপিবি নির্ধারিত দাম লাগিয়ে দিতে হবে। কিন্তু বাণিজ্য মেলার পূর্ব ও পশ্চিম পাশের ২৫টি খাবারের স্টল-প্যাভিলিয়নে দেখা গেছে, বেশির ভাগ স্টল-প্যাভিলিয়নের সামনে মূল্যসংবলিত কোনো খাবারের তালিকা নেই। হাতে গোনা কয়েকটির মূল্যতালিকা টেবিলে থাকলেও অধিকাংশের আবার এই তালিকা নেই।

শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশে শুরু হওয়া মাসব্যাপী এই মেলা শেষ হবে ৩১ জানুয়ারি। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য ৩০ টাকা ও অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা করে।

এ বছর বাণিজ্য মেলায় ১৩ ক্যাটাগরিতে মোট ৫৫৩টি স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রিমিয়ার প্যাভিলিয়ন ৬০টি, জেনারেল প্যাভিলিয়ন ১০টি, রিজার্ভ প্যাভিলিয়ন ৩টি ও ফরেন প্যাভিলিয়ন ৩৮টি। এ ছাড়া থাকছে প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ৩৬টি, জেনারেল মিনি প্যাভিলিয়ন ১৩টি, রিজার্ভ মিনি প্যাভিলিয়ন ৬টি, ফুডস্টল ২৫টি ও রেস্টুরেন্ট পাঁচটি।

এবারের মেলায় ২২টি দেশ অংশ নিয়েছে। এর মধ্যে মরিশাস, ঘানা, নেপালসহ সাতটি নতুন দেশ অংশ নিচ্ছে। এ ছাড়া গত বছর অংশ নেওয়া দেশগুলোর মধ্যে থাকছে ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, জার্মানি, নেপাল, হংকং, জাপান ও আরব আমিরাত।

মেলায় প্রদর্শিত পণ্যের মধ্যে মেশিনারিজ, কার্পেট, কসমেটিক্স অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস, পাটজাত পণ্য, লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার, স্পোর্টস গুডস, স্যানিটারিওয়্যার, খেলনা, স্টেশনারি, ঘড়ি, জুয়েলারি, সিরামিক, টেবিলওয়্যার, দেশীয় বস্ত্র, ক্যাবল, মেলামিন, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, আসবাব ও হস্তশিল্প অন্যতম।


এ ক্যটাগরির আরো খবর..