উত্তরায় শ্রমিক আন্দোলনে উত্তাল রাজপথ 

উত্তরায় শ্রমিক আন্দোলনে উত্তাল রাজপথ 
নিত্য পণ্যের দাম কমানো ও বেতন ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আবারো আন্দোলনে নেমেছেন রাজধানীর উত্তরা এলাকার পোশাক কারখানার শ্রমিকরা।
বুধবার (৮ জুন) সকাল ১০টার সময় আজমপুর রেলগেট এলাকায় চৈতি গ্রুপের শ্রমিকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পুলিশ টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এসময় শ্রমিকরাও পাল্টা ইটপাটকেল ছুড়ে। শ্রমিকদের হামলায় দু’জন পুলিশ মারাত্মক আহত হয়েছেন বলে জানা গেছে।
সরেজমিনে দক্ষিনখানের কসাইবাড়ী রেলগেট এলাকায় দেখা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ, রাখা হয়েছে জল কামান। নিরাপত্তা জনিত কারণে দোকানপাট বন্ধ করে দিয়েছে পুলিশ। রেলক্রসিংয়ের গেট নামিয়ে গাড়ি চলাচলও বন্ধ রাখা হয়। এতে থমথমে পরিবেশ বিরাজ করছে অত্র এলাকায়।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মামুনুর রহমান বলেন, সকালে কয়েকটি কারখানার শ্রমিক বিক্ষোভ করেন। তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন শান্ত আছে। শ্রমিকদের হামলায় দু’জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
কসাইবাড়ী রেলক্রসিংয়ের একজন গেটম্যান জানান, গতকালকেও (মঙ্গলবার) গার্মেন্টস শ্রমিকরা আন্দোলনে নামে। সকালে বিমানবন্দর মূল সড়কে যাওয়ার আগেই পুলিশ তাদের টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ইটপাটকেল ছুড়লে রাস্তায় থাকা অসংখ্য গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।