ইসলামের আদর্শ ও চেতনা বিকাশে ইসলামি বইয়ের বিকল্প নেই। বলেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব গেটে ইসলামী বইমেলা ২০২৪-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) ১৪৪৬ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন এই মেলার আয়োজন করে। ২০ দিনব্যাপী এ বইমেলায় মোট ১৫১টি স্টল রয়েছে।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘বই মানুষের চরিত্র ও জীবন গঠনে ভূমিকা রাখে। একটি আদর্শিক জীবন গঠনে ইসলামি বইয়ের ভূমিকা অপরিসীম। সেক্যুলার আবহ থেকে ইসলামী জীবনধারায় যাতে মানুষ অভ্যস্ত হয়ে ওঠে সেক্ষেত্রে এই বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া, বাংলা ভাষা ও সাহিত্য এবং অনুবাদ সাহিত্যের ক্ষেত্রেও এ বইমেলা নতুন মাত্রা যোগ করবে।’
শিক্ষা জীবনের স্মৃতিচারণ করে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘আগেকার পাঠ্যবইয়ে স্বল্প পরিসরে সাহাবায়ে কেরামদের জীবনাদর্শ সংযোজিত ছিল। কিন্তু বর্তমানে সৃজনশীল প্রকাশক ও সৃষ্টিশীল অনুবাদকের মাধ্যমে বৃহৎ কলেবরে এ জাতীয় বই প্রকাশিত হয়েছে এবং পাঠক সেগুলো সংগ্রহ করে জ্ঞানান্বেষণের সুযোগ পাচ্ছে এবং ইসলামী ও বাংলা অনুবাদ সাহিত্য সমৃদ্ধ হচ্ছে। তিনি আগামীতে বৃহৎ পরিসরে ইসলামী বইমেলা আয়োজনের বিষয়ে প্রকাশকদের আশ্বস্ত করেন।’
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার। আরও বক্তব্য দেন বাংলাদেশ মসজিদ মিশনের মহাসচিব ড. মুহাম্মদ খলিলুর রহমান মাদানী, তামিরুল মিল্লাতের অধ্যক্ষ ড. আবু ইউসুফ খান, আধুনিক প্রকাশনীর মো. হাফিজুর রহমান, রাহনুমা প্রকাশনীর মাহমুদুল হাসান তুষার প্রমুখ।





