মাদারীপুরে নূরে আলম বেপারী(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনগণ। এসময় তার কাছ থেকে ৩৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তার নূরে আলম জেলার ডাসার উপজেলার উপজেলার দক্ষিণ মাইজপাড়া গ্রামের বাচ্চু বেপারীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে যুবসমাজ ধ্বংস করে আসছে নূরে আলম। বুধবার (০১ অক্টোবর) সন্ধ্যার দিকে ডাসার উপজেলার মাইজপাড়া এলাকা থেকে তাকে ৩৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয় স্থানীয়রা। এসময় ডাসার থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। আজ দুপুরে নূরে আলমের বিরুদ্ধে জেলার ডাসার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, নূরে আলম বেপারী নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।