বিশেষ প্রতিবেদক : ইংরেজি মাধ্যমের স্কুলে শিক্ষার্থীদের টিউশন ফির ওপর সরকারের নির্ধারিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।
আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যেরবেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে শুনানির জন্য ২৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
ইংরেজি মাধ্যম স্কুলে ভ্যাট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা এক আবেদনের শুনানি হয় আজ।
শুনানিতে অংশ নেওয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চের অপর তিন বিচারপতি হলেন সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হোসেইন হায়দার।এ বিষয়ে আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতেছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।
রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন এ এম আমিন উদ্দিন ও এম মনজুর আলম।বেলা পৌনে ১১টার দিকে আইনজীবী এম মনজুরআলম রায়ের বিষয়টি সাংবাদিকদের জানান।
গত ১২ ডিসেম্বর ইংরেজি মাধ্যমের স্কুলশিক্ষার্থীদের টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার বিচারপতি বিষয়টি ২ জানুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। আজ শুনানি নিয়ে আদেশ দেন আপিল বিভাগ।
গত বছরের ৫ জুন এনবিআর একটি পরিপত্র জারি করে। এর একটি অংশে ইংরেজি মাধ্যমের স্কুলশিক্ষার্থীদের টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। এর বৈধতা নিয়ে রিট হয়। আদালত রুল দেন। এর ধারাবাহিকতায় হাইকোর্ট ওই ভ্যাট আরোপ অবৈধ ঘোষণা করে রায় দেন।


